ভোলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ছাড়া দিনাজপুর ও চট্টগ্রামের আনোয়ারা ও কুমিল্লার চৌদ্দগ্রামে আরও পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলার বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আবুল বাজারে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ট্রাকটির ভেতরে থাকা আবদুল মান্নান (৭০), তাঁর ছেলে আনোয়ার হোসেন (৩০), লিপি (২০) ও নাতি সিয়াম (২) নিহত হয়। দুর্ঘটনায় তাঁর আরেক ছেলে মিজানুর রহমান ও ট্রাকের চালক আমির হোসেন আহত হন। আহত দুজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিরা ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকার বাসিন্দা। দিনাজপুর অফিস জানায়, জেলা শহরের পাহাড়পুর এলাকায় রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনের রাস্তায় গতকাল শুক্রবার ভোরে বাসের চাপায় শিক্ষক শাহাবুদ্দিন লিটনের (৩০) মৃত্যু হয়। তাঁর বাড়ি পাবনার কিসমত প্রতাবপুর গ্রামে। তিনি দিনাজপুর নোবল মেডিকেল ইনস্টিটিউটে শিক্ষকতা করতেন।আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, আনোয়ারায় বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে চাঁদের গাড়ি (জিপ) উল্টে গিয়ে নিহত হন যাত্রী সানাউল্লাহ (৩৫)। তিনি তৈলারদ্বীপের জালাল আহমদের ছেলে।চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ফালগুনকরা এলাকায় গতকাল রাত আটটার দিকে একটি গাড়ির চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিনজন নিহত ও অপর দুজন আহত হয়েছেন।