ভোলায় হামলা এড়াতে নিরাপত্তা টোকেন কিনছেন জেলেরা
জলদস্যুদের হামলা থেকে রেহাই পেতে ভোলায় মাছ ধরার ট্রলারের মালিকেরা একেকটি জলদস্যু বাহিনীর কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকায় ‘নিরাপত্তা টোকেন’ কিনতে বাধ্য হচ্ছেন। কারণ, এই টোকেন ছাড়া জেলেরা মেঘনায় মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হামলার শিকার হচ্ছেন। মৎস্য ব্যবসায়ী ও জেলেদের সূত্রে এ তথ্য জানা গেছে। জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, জলদস্যুদের কাছে তাঁরা জিম্মি। তাই বাধ্য হয়ে নিরাপত্তা টোকেন কিনছেন। মৎস্য ব্যবসায়ী ও চরফ্যাশন পৌরসভার কাউন্সিলর সামসুদ্দিন মিয়া বলেন, একটি ট্রলারে জলদস্যুরা হামলা চালালে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। এ কারণে মৎস্য ব্যবসায়ীরা বাধ্য হয়ে জলদস্যু বাহিনীর কাছ থেকে ট্রলারের নিরাপত্তার জন্য ২০ থেকে ২৫ হাজার টাকায় নিরাপত্তা টোকেন কিনছেন। সূত্র জানায়, নিরাপত্তা টোকেন নেওয়া ট্রলারে বিভিন্ন জলদস্যু বাহিনীর পতাকা টানানো থাকে। জলদস্যুদের স্বাক্ষরিত কার্ডও সঙ্গে রাখতে হয় ট্রলারের জেলেদের। এসব থাকলে সংশ্লিষ্ট জলদস্যু বাহিনী ওই ট্রলারে হামলা করে না। অনুসন্ধানে জানা যায়, হাতিয়ার মুন্সি বাহিনী, ইব্রাহীম বাহিনী, সন্দ্বীপের বাবুল বাহিনী, টিটু বাহিনী, মাকসুদ বাহিনী, নোয়াখালীর বাশার বাহিনী ও লক্ষ্মীপুরের হাকিম বাহিনী মেঘনায় ট্রলারে ডাকাতি করে চলে যায়। এ ছাড়া ভোলার বিভিন্ন চরাঞ্চলে গড়ে ওঠা জলদস্যু চক্র চরফ্যাশন উপজেলার চর নুরাবাদের ফোরকান বাহিনীর হয়ে কাজ করে। তজুমদ্দিন-বোরহানউদ্দিন অঞ্চলের সামসুদ্দিন বাহিনী, হাসান-নাগর বাহিনী, লোকমান বাহিনী, টাইগার বাহিনী ও ঢালচরের দফাদার বাহিনী প্রায়ই মাছ ধরার ট্রলারে ডাকাতি করছে। ভোলা সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ী কামাল চৌধুরী জানান, গত শনিবার রাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বঙ্গের চরের কাছে মেঘনায় মাছ ধরার চারটি ট্রলারে ডাকাতি করে লক্ষ্মীপুরের হাকিম বাহিনী। জলদস্যুরা ছয়জন জেলেকে অপহরণ করে এবং ১৫ জেলেকে পিটিয়ে নদীতে ফেলে দেয়। তিনি জানান, ওই চারটি ট্রলার ফিরিয়ে দিতে জলদস্যুরা চার লাখ টাকা দাবি করেছে। চরফ্যাশনের মৎস্য ব্যবসায়ী কামাল উদ্দিন গোলদার জানান, গত ৩০ জুন চরফ্যাশনের কলমী এলাকার তেতুলিয়া নদী থেকে তাঁর মাছ ধরার একটি ট্রলার লুট করে নিয়ে গেছে নুরাবাদ এলাকার ফোরকান বাহিনী। ট্রলারটি ফিরিয়ে দিতে ওই বাহিনী এক লাখ টাকা দাবি করেছে। ভোলা জেলা আইনশৃঙ্খলা কমিটির গত দুই মাসের (মে-জুন) সভায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও রাজনৈতিক নেতারা বলেছেন, জলদস্যুরা তাঁদের কাছ থেকে নিরাপত্তা টোকেন কেনার জন্য মৎস্য ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। কোস্টগার্ডের দক্ষিণ জোনের কমান্ডার জাফর ইকবাল জানান, জলদস্যুতা বন্ধে তাঁদের অভিযান চলছে। তবে নিরাপত্তা টোকেনের কোনো অভিযোগ গোপনেও তাদের কেউ জানাচ্ছে না। পুলিশ সুপার বশির আহাম্মেদ বলেন, ‘জলদস্যুদের দমনে আমরা সক্রিয়। মৎস্য ব্যবসায়ীরা নিরাপত্তা টোকেন কিনছে কেন? কোস্টগার্ড পুলিশের কাছে যত ফোর্স চাইবে তাই দেওয়া হবে।’