ভোলায় ১০ ট্রলারে ডাকাতি, ৪০ জেলেকে অপহরণ
ভোলায় গতকাল সোমবার ১০টি ট্রলারে হামলা করে জাল, মাছসহ ৪০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। প্রথমে ১০টি ট্রলারসহ ৭০ জন জেলেকে অপহরণ করলেও পরে ৩০ জনকে পিটিয়ে নদীতে ফেলে দেয় তারা। জলদস্যুরা ট্রলারপ্রতি ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।ট্রলারের মালিক ভোলার দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড পৌর কমিশনার আবদুুল বারেক সওদাগর, সাবেক কমিশনার সিরাজ উদ্দিন ও জাহাঙ্গীর মোল্লা বলেন, তাঁদের একেকটি ট্রলারে ১৫ থেকে ২০ জন মাঝি ও মাল্লা রয়েছেন। তাঁরা ভোলার মেঘনা নদীর সাগরমোহনার সোনার চর এলাকায় মাছ ধরে ফেরার সময় জলদস্যুরা তাঁদের ঘিরে ফেলে। এ সময় জলদস্যুদের ভয়ে জেলেরা ট্রলার নিয়ে পালানোর চেষ্টা করলে তারা গুলি চালায়। পাঁচটি ট্রলার পালাতে পারলেও দৌলতখানের সাতটিসহ চরফ্যাশন, মনপুরা ও তজুমদ্দিনের মোট ১০টি ট্রলার ও জেলেদের জিম্মি করে জলদস্যুরা। এ সময় তারা জেলেদের এলোপাতাড়ি পিটিয়ে নদীতে ফেলে দেয়। অনেকে ভয়ে নদীতে লাফিয়ে পড়েন। সর্বশেষ তারা ৪০ জেলে, মাঝিসহ ট্রলারগুলো সুন্দরবনের দিকে নিয়ে যায়। এসব ট্রলারের মাঝির দায়িত্বে রয়েছেন নান্নু, জাফর, সিরাজ, নুরুল হক, আনিছ, ফরিদ, রহিজল, আফজাল, হারুন ও হারেছ।পৌর কমিশনার বারেক জানান, মুক্তিপণ দিয়েই ট্রলার উদ্ধারের চেষ্টা হচ্ছে। পুলিশ ও প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হবে না। এতে তাঁরা বরং ট্রলার হারাতে পারেন।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, জেলেদের উদ্ধারে চেষ্টা চলছে।তবে ভোলার পুলিশ সুপার বশির আহাম্মদ বলেন, এত জেলে অপহরণ হলেও ট্রলারমালিকপক্ষ তাঁদের কাছে কোনো অভিযোগ করেনি।