ভোলায় ১১ বছরে দুই হাজার হেক্টর জমি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১১ বছরে মেঘনার গর্ভে ভোলা সদর উপজেলার প্রায় দুই হাজার হেক্টর জমি বিলীন হয়েছে। বর্তমানে জেলা শহর ও আশপাশের তিনটি ইউনিয়ন ভাঙনের কবলে পড়েছে। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, পূর্ব ইলিশা ইউনিয়নের বিশ্বরোডের মাথা, নাদোর মিয়ার হাট, কাচিয়া ইউনিয়নের গুঁড়া মিয়ার হাট, ফরাজি বাড়ি এলাকা, কাঠিরমাথা, ধনিয়া ইউনিয়নের তুলাতুলি, মুন্সিবাড়িসহ প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। ভাঙনের ভয়ে কৃষকেরা খেত থেকে কাঁচা-আধাপাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন। অনেকে ঘর ভেঙে বাঁধের ওপর নিয়ে রাখছেন। পাউবোর এক জরিপে দেখা গেছে, গত ১১ বছরে ভোলা সদর উপজেলার ধনিয়া থেকে পূর্ব ইলিশা ইউনিয়নের প্রায় সাত কিলোমিটার এলাকার এক হাজার ৯১০ হেক্টর জমি মেঘনায় বিলীন হয়েছে। এসব জমিতে হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল। কাচিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা রফিকুর রহমান জানান, তাঁর ১০ একর জমির প্রায় সবই গত দুই বছরে বিলীন হয়েছে। এ ছাড়া ওই এলাকার শত শত ঘরবাড়ি মেঘনার ভাঙনে বিলীন হয়েছে।ভোলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘ভোলা জেলা শহর সংরক্ষণ (৩য় পর্যায়) এবং প্রায় ৫০ হাজার হেক্টর কৃষিজমি, বাড়িঘর ও লোকালয় রক্ষা প্রকল্পে’র আওতায় প্রায় ১৮২ কোটি টাকার কাজের ডিপিপি গত মাসে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলা শহর ও আশপাশের ওই তিনটি ইউনিয়নে ভাঙন রোধ করা যাবে।