ভোলায় ১৩ জনের বিরুদ্ধে আ.লীগ নেতার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে শ্রম ও চালনা ঠিকাদার নিয়োগের দরপত্র কিনতে বাধা ও হামলার অভিযোগে মামলা হয়েছে। ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন ১৩ জনকে আসামি করে ভোলা সদর থানায় গতকাল শুক্রবার মামলাটি করেন।
বাদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পক্ষের। আর আসামিরা ভোলা পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান পক্ষের। এই দুই পক্ষ ভোলা শহরে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত মুখোমুখি অবস্থানে ছিল।
এজাহারে বাদী শাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি ও তাঁর সঙ্গীরা বৃহস্পতিবার দুপুরে জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে শ্রম ও চালনা ঠিকাদার নিয়োগের দরপত্র কিনতে যান। এ সময় আসামি জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আবিদুল আলম, বাপ্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কামাল হোসেন, বাপ্তা ইউপির সদস্য মো. সরোয়ার হোসেন এবং বজলুর রহমান, রনিসহ ১৩ জন লাঠিসোঁটা নিয়ে তাঁদের দরপত্র কিনতে বাধা দেন। তাঁদের হামলায় ৮-১০ জন আহত হয়েছেন।
ভোলা সদর থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে বৃহস্পতিবার দুপুরের ঘটনাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের ডাক দেন। একই সময়ে শহরের কালীবাড়ি রোড মোড়ে শামসুদ্দিন মার্কেটে জেলা যুবলীগের কার্যালয়ের সামনে পাল্টা সমাবেশের ডাক দেয় জেলা যুবলীগ। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।