ভোলায় ১৩ সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা বাস মালিক সমিতি রোববার দুপুর থেকে অভ্যন্তরীণ ১৩টি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। ভোলা সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনার বিচারসহ কয়েক দফা দাবিতে সংগঠনটি এ কর্মসূচি পালন করছে। সংঘর্ষের জের ধরে বাসশ্রমিকেরা রোববার রাতে কলেজের মেসে হামলা চালিয়ে ছাত্রদের মারধরসহ লুটপাট চালান। এতে তিন ছাত্র আহত হন। এ ঘটনার প্রতিবাদে ছাত্ররা গতকাল সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ছাত্রদের বাস ভাড়া হাফ (অর্ধেক) দেওয়া নিয়ে বাসশ্রমিক ও ভোলা সরকারি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে গুরুতর আহত মোমেন (১২) নামের এক শ্রমিক বরিশাল নেওয়ার পথে মারা যায়। এ ঘটনার পর বাসশ্রমিকেরা ভোলা-চরফ্যাশন সড়কের মধ্যে বাস ফেলে ১৩টি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। সড়কগুলো হলো: ভোলা-চরফ্যাশন, ভোলা-ভেদুরিয়া, ভোলা-ইলিশা, ভোলা-দৌলতখান, ভোলা-তজুমদ্দিন, চরফ্যাশন-কচ্ছফিয়া, চরফ্যাশন-দুলারহাট, চরফ্যাশন-রসুলপুর, চরফ্যাশন-আঞ্জুরহাট, চরফ্যাশন-বাবুরহাট, চরফ্যাশন-বেতুয়া, চরফ্যাশন-লর্ডহার্ডিঞ্জ, চরফ্যাশন-চেয়ারম্যান বাজার। বাসশ্রমিকেরা গতকাল সোমবার ভোরে সড়কের মধ্যে টায়ারে আগুন ধরিয়ে দিয়ে শ্রমিক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেন। বেশ কয়েকবার ভোলা কলেজে হামলা চালাতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। ভোলা সরকারি কলেজের ছাত্ররাও তাঁদের ওপর হামলা চালানোর সঙ্গে জড়িত বাসশ্রমিকদের বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। কলেজের অধ্যক্ষ পারভীন আখতার বলেন, ‘বাসশ্রমিকেরা রোববার রাত থেকে মেসে হামলা চালিয়ে ছাত্রদের মারধর করেছেন। শ্রমিকেরা নিজেদের বাসের তলায় ফেলে ছাত্রদের হত্যা করতে গিয়ে শ্রমিক হত্যা করে এখন ছাত্রদের ফাঁসানোর চেষ্টা করছেন।’ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘ছাত্ররা তাঁদের ১৩টি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। বাস ভাঙচুর, শ্রমিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার ও অবৈধ যান অপসারণ না করা পর্যন্ত আমাদের অবরোধ চলবে।’ ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।