ভোলায় ১৩টি টিকিট কাউন্টার বন্ধ ও চাঁদাবাজির অভিযোগ
ভোলা আন্তবাস মালিক সমিতির বিরুদ্ধে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনের ১৩টি স্থানীয় টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়ার এবং চাঁদাবাজি, বাসের চালক ও কর্মচারীদের হয়রানি করার অভিযোগ উঠেছে। বোরহানউদ্দিন উপজেলার হাকীম উদ্দিন এলাকার শহিদুল ইসলাম, লালমোহনের কালমা ইউনিয়নের চরছকিনার রহিজল রাড়ি, চরপাতার মফিজুল ইসলামসহ কয়েকজন যাত্রী জানান, তাঁরা গরিব মানুষ, কাজের সন্ধানে ভোলার বাইরের জেলায় যাচ্ছেন। কাউন্টার থেকে টিকিট কাটলে এক খরচায় গন্তব্যে যাওয়া যায়। কাউন্টার বন্ধ করায় যাতায়াত খরচ এখন দ্বিগুণ হয়ে যাচ্ছে। গত রোববার বিকেলে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সমেঞ্চলনে টিকিট কাউন্টার শ্রমিক সমিতির সভাপতি আবদুল হালিম লিখিত বক্তব্যে জানান, ভোলায় ৩০-৩৫টি দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করছে। এ বাসগুলো জেলার বিভিন্ন স্থান থেকে যাত্রী নিয়ে খুলনা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় যাচ্ছে। বাসমালিক সমিতির নেতারা ১ সেপ্টেম্বর থেকে এসব পরিবহনের স্থানীয় ১৯টি টিকিট কাউন্টারের মধ্যে ১৩টি বন্ধ করে দিয়েছেন। এসব স্টেশন থেকে যাত্রী উঠালে বাসের চালক ও সহকারীদের মারধর এবং ওই যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া বাসমালিক সমিতির নেতারা চালকদের কাছ থেকে বাসপ্রতি ১৫০ টাকা করে চাঁদা নিচ্ছেন।সোমবার বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম সদর উপজেলার উকিলপাড়া কার্যালয়ে পাল্টা সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে বলেন, ‘আবদুল হালিম চিহ্নিত চাঁদাবাজ। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অসত্য। ভোলা বাসস্ট্যান্ড আমরা পৌরসভা থেকে প্রায় ১২ লাখ টাকায় ইজারা নিয়েছি। এ কারণে বৈধভাবেই অন্য পরিবহন থেকে ৫০ টাকা করে চাঁদা নিচ্ছি। অন্যদিকে যে ১৩টি স্থানীয় টিকিট কাউন্টার বন্ধ করা হয়েছে, তা আমাদের আবেদনের ভিত্তিতে ১০ জুলাই পুলিশ প্রশাসন ও দূরপাল্লার পরিবহনের মালিকদের বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে, যা আমরা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করেছি।