ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া ও সাগর মোহনায় গত মঙ্গলবার রাতে তিনটি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা লুটপাট শেষে একটি ট্রলারসহ ২২ জেলেকে অপহরণ করেছে। এ ছাড়া জলদস্যুদের গুলিতে ইব্রাহিম ইকবাল (৩৫) নামের এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
ইব্রাহিমের বাড়ি উপজেলার আবদুল্লাহপুর শিবা গ্রামে। অপহূত ব্যক্তিরাও একই উপজেলার নুরাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের। গুলিবিদ্ধ সিরাজুল ইসলামকে (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জেলেরা বলেন, সাগরের শিবচর জলসীমায় মাছ শিকারের সময় তোফায়েল আহমেদ মাঝি, আবদুল গনি মাঝি ও জসিম মাঝির ট্রলারে সশস্ত্র হামলা চালায় জলদস্যুরা। তারা এলোপাতাড়ি গুলি চালালে তোফায়েল মাঝির ট্রলারের ইব্রাহিম ইকবাল ও সিরাজুল ইসলাম গুলিবিদ্ধ হন। নৌকাতেই মারা যান ইব্রাহিম। আর গুলিবিদ্ধ সিরাজসহ ট্রলারের ২১ জেলে সাগরে ঝাঁপ দেন। পরে অন্য জেলেরা তাঁদের উদ্ধার করেন।
জেলেরা জানান, জলদস্যুরা লুটপাট করে আবদুল গনি ও জসিম মাঝির ট্রলারের ২২ জেলেকে একটি ট্রলারে উঠিয়ে নিয়ে গেছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।
এদিকে গতকাল বুধবার দুপুরে মোহনার তিনচর জলসীমানায় উপজেলার ঢালচর ইউনিয়নের মো. ইয়াছিনের ট্রলারে হামলা চালিয়ে মাছ ও জালসহ নয় লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা।