ভোলায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলার নয়টি সড়কপথে বাস চলাচল দুদিন ধরে বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চরফ্যাশন, দুলারহাট ও চেয়ারম্যানবাজারে ছাত্ররা ৩০টি বাস ভাঙচুর করেছে। লালমোহন ও ভোলায় ছাত্ররা বাস ভাঙচুরের জন্য কয়েক দফা ভোলা-চরফ্যাশন সড়কে মহড়া দিয়েছে।বোরহানউদ্দিন উপজেলার দালালবাজার এলাকায় গত সোমবার সকাল ১০টায় একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও চরফ্যাশন ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম মারা যায় এবং আরোহী রিয়াজুল ইসলাম গুরুতর আহত হন। তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই দুর্ঘটনার পর থেকেই ভোলা-চরফ্যাশন, চরফ্যাশন-ল্যাতরা, চরফ্যাশন-আইচা, চরফ্যাশন-দুলারহাট, চরফ্যাশন-চেয়ারম্যানবাজার, ভোলা-ইলিশা, ভোলা-ভেলুমিয়া, ভোলা-তজুমুদ্দিন ও ভোলা-দৌলতখান সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বাস মালিক সমিতি, প্রশাসন ও শিক্ষকদের মধ্যে বৈঠকে কোনো সমঝোতা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন পলিটেকনিকের চতুর্থ বর্ষের ছাত্র রিয়াজুল ইসলাম জানান, সকাল নয়টার দিকে তিনি এবং রাকিবুল মোটরসাইকেলে করে ভোলা পলিটেকনিক কলেজের উদ্দেশে রওনা হন। ১০টার দিকে লালমোহন উপজেলার ডাওরি সেতু পার হয়ে দালালবাজার এলাকায় একটি বাসকে পাশ কাটানোর চেষ্টা করেন তাঁরা। রিয়াজুল বলেন, ‘বারবার সাইড চেয়ে হর্ন বাজালে একপর্যায়ে বাসটি আমাদের সাইড দেয় ঠিকই। কিন্তু বাসটি অতিক্রম করতে গেলে চালক আমাদের মোটরসাইকেলটি চাপা দেয়। এতে রাকিবুল ঘটনাস্থলেই মারা যায়।’ রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, গত ১২ জুলাই পলিটেকনিকের ছাত্রদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষ হয়। তখন শ্রমিকেরা পলিটেকনিকের চার-পাঁচটি ভবন ভাঙচুর ও ছাত্রাবাসের মালামাল লুট করেন। রিয়াজুলের ভাষ্যমতে, ‘বাসচালক আমাকে চিনতে পেরে ইচ্ছে করে চাপা দিয়েছে।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ১২ জুলাইয়ের ঘটনায় ছাত্ররা ৮-১০টি বাস ভাঙচুর ও তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। ওই ঘটনার প্রতিবাদে বাস মালিক সমিতি ছাত্রদের বাসে না তোলার দাবিতে ভোলার সব সড়কে বাস চলাচল বন্ধ রাখার ডাক দেয়। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একটি সমঝোতায় আসে। স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে চরফ্যাশন কলেজের ছাত্ররা শহরে একটি শোকমিছিল বের করে। পরে এটি বিক্ষোভে রূপ নেয়। ছাত্ররা হামলা চালিয়ে চরফ্যাশন, দুলারহাট ও চেয়ারম্যান বাজারের তিনটি বাসস্ট্যান্ডের ৩০টি বাস ভাঙচুর করেছে। ভোলা জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার রাতে চরফ্যাশন কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদের কক্ষে এক সমঝোতা বৈঠক হয়। বৈঠকের সব সিদ্ধান্ত বাস মালিক সমিতি মেনে নেওয়ার পরও গতকাল সকালে আমাদের ৩০টি গাড়ি ভাঙচুর হয়েছে।’রিয়াজউদ্দিন পলিটেকনিকের ছাত্রের অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ‘আমি ওই চালকের সঙ্গে কথা বলেছি। মোটরসাইকেলটি বাইপাস সড়ক থেকে হঠাৎ করে মূল সড়কে উঠে আসে। তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে।’ জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাস মালিক সমিতি কয়েকবার বৈঠকে বসেছে। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা প্রকাশ করেন।