ভোলায় ৫০০ একরে বোরো আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি সেচে মাছ ধরার জন্য ভোলা সদর উপজেলার ভেলুমিয়া-চরসামাইয়্যা জলাশয়ের মুখে ইজারাদার বাঁধ দিচ্ছেন। জলাশয়ের দুই পাড়ের কৃষকেরা বলছেন, পানি সেচে ফেললে বন্ধ হয়ে যেতে পারে জলাশয়ের পাড়ের প্রায় ৫০০ একর জমির বোরো আবাদ। এতে প্রায় পাঁচ হাজার কৃষক ভোগান্তিতে পড়বেন। এ ব্যাপারে প্রতিকার চেয়ে কৃষকেরা গত বৃহস্পতিবার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন। সমাজকর্মী দুলাল মহাজন বলেন, জেলা প্রশাসন চর চন্দ্র প্রসাদ মৎস্যজীবী সমবায় সমিতিকে জলাশয় ইজারা দিয়েছে। এখন ইজারাদার বাঁধ দিয়ে জলাশয় শুকিয়ে মাছ ধরবেন। এতে দুই তীরের প্রায় পাঁচ হাজার কৃষকের কোটি কোটি টাকার ক্ষতি হবে। চরসামাইয়্যা এবং ভেলুমিয়া ইউনিয়নের প্রায় ৫০০ একর বোরো ধানের জমিতে সেচ দেওয়ার জন্য ১২ জন সেচ ব্যবস্থাপক জলাশয়ের পাড়ে ইতিমধ্যে সেচ পাম্প বসিয়েছেন। তা ছাড়া দুই পাড়ের মানুষ গৃহস্থালির কাজেও এই জলাশয়ের পানি ব্যবহার করেন। চরসামাইয়্যা এবং ভেলুমিয়া ইউনিয়নের ১২ জন সেচ ব্যবস্থাপক ও কয়েক শ কৃষক গত বৃহস্পতিবার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়ে বাঁধ নির্মাণ এবং সেচ বন্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। কিন্তু বাঁধ নির্মাণের কাজ গতকাল সোমবারও চলছিল। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ‘চাষাবাদের ক্ষতি করে কারও কোনো জলাশয় সেচার অধিকার নেই। সেচ দিতে না পারলে ওই এলাকার প্রায় ৫০০ একর জমিতে বোরো আবাদ ব্যাহত হতে পারে। বাঁধ নির্মাণ ও পানি সেচা বন্ধ করা যায় কি না আমরা তা চেষ্টা করছি।’ জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম বলেন, ‘কৃষকেরা যাতে কোনো সমস্যায় না পড়েন আমরা সেই চেষ্টা করছি।’ চর চন্দ্র প্রসাদ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও জলাশয়ের ইজারাদার আবদুস সাত্তার বলেন, ‘জলাশয়ের পানি কমিয়ে জাল দিয়ে মাছ ধরার জন্য আমরা খালের মুখে বাঁধ দিচ্ছি। এতে কৃষকের কোনো ক্ষতি হবে না।’