ভোলায় ৫৭ লাখ টাকার কাজ বাগিয়ে নেওয়ার পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ‘বাংলাবাজার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’-এর ৪০০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের নির্মাণকাজ একটি ঠিকাদারি চক্র বাগিয়ে নেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। চক্রটি হুমকি-ধমকি দিয়ে সমঝোতার মাধ্যমে দরপত্র ক্রেতাদের কাছ থেকে ২০টির মধ্যে ১৭টি সংগ্রহ করে নিজেদের পছন্দমতো বাকি তিনটি দরপত্র জমা দিয়েছে। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে ক্ষোভ তৈরি হলেও ভয়ে কেউ মুখ খুলছেন না।গণপূর্ত বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, উপকেন্দ্রটি নির্মাণকাজের দরপত্র গত ১২ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলে আসে না, এমন দুটি জাতীয় পত্রিকায় ছাপা হয়।বুধবার (১৩ মার্চ) ছিল দরপত্র দাখিলের শেষ তারিখ। নির্ধারিত সময়ের মধ্যে নবারুন ট্রেডার্স, অর্নি এন্টারপ্রাইজ, এস আলম এন্টারপ্রাইজ, মেসার্স রুপালী কনস্ট্রাকশনস, মেসার্স রফিক ট্রেডার্স, মেসার্স বিটিং ইন্টারন্যাশনাল, মজুমদার ট্রেডিং করপোরেশন, মেসার্স রাতুল এন্টারপ্রাইজসহ ২০টি প্রতিষ্ঠান দরপত্র কেনে। কিন্তু দরপত্র জমা পড়েছে তিনটি। প্রতিষ্ঠানগুলো হচ্ছে নবারুন ট্রেডার্স, অর্নি এন্টারপ্রাইজ ও এস আলম এন্টারপ্রাইজ। অভিযোগ রয়েছে অর্নি এন্টারপ্রাইজ কাজ পাওয়ার জন্য ভয়-ভীতি দেখিয়ে সমঝোতার মাধ্যমে তিনটি দরপত্র জমা দিয়েছে।অভিযোগ অস্বীকার করে অর্নি এন্টারপ্রাইজের মালিক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন বলেন, ‘ভয়-ভীতি দেখানো বা সমঝোতার অভিযোগ ভিত্তিহীন। আমরা যথানিয়মে দরপত্র দাখিল করেছি।’যারা দরপত্র কিনেও দাখিল করেননি, এমন কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকেরা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওপরের চাপে, ক্ষমতাসীন দলের সমর্থনপুষ্ট ঠিকাদারের হুমকি-ধমকির কারণে তাঁরা দরপত্র দাখিল করতে পারেননি। দাখিলের আগের দিন থেকেই সাধারণ ঠিকাদারদের কাছ থেকে যেকোনো মূল্যে দরপত্র সংগ্রহ করে নিয়েছে প্রভাবশালী চক্রটি।গণপূর্ত বিভাগ ভোলার একজন কর্মকর্তা ও একজন ঠিকাদারের ভাষ্যমতে, যাঁরা দরপত্র কিনেছেন, তাঁদের অনেকেরই দরপত্র দাখিল করার সামর্থ্য নেই। তাঁদের না আছে সঠিক কাগজ, না আছে পে-অর্ডার জমা দেওয়ার সামর্থ্য। তাঁরা আসলে দরপত্র কেনেন সমঝোতার আশায়। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে।গণপূর্ত বিভাগ ভোলার নির্বাহী প্রকৌশলী মানিক লাল দাস বলেন, ‘হুমকি-ধমকির মাধ্যমে ঠিকাদারদের দরপত্র দাখিলে বাঁধা দেওয়ার বিষয়টি সত্য নয়। এ ধরনের কোনো ঘটনা আমাদের কার্যালয়ে ঘটেনি।’