ভোলায় ৯১০ নৌকায় ডাকাতি ৬৮ কোটি টাকার ক্ষতি!
চলতি বছর মেঘনা নদীতে নয় শতাধিক জেলেনৌকায় ডাকাতি হয়েছে। জলদস্যুদের হামলায় ভোলায় এ বছর মারা গেছেন ছয়জন জেলে। নৌকার সঙ্গে অপহূত জেলেদের মুক্ত করাসহ খোয়া যাওয়া মালামাল ফের কেনা বাবদ নৌকাপ্রতি গড়ে সাড়ে সাত লাখ টাকা খরচ হয়েছে। সে হিসাবে ডাকাতির শিকার ৯১০টি জেলেনৌকার পেছনে এ বছর মৎস্য ব্যবসায়ীদের ৬৮ কোটি ২৫ লাখ টাকা বাড়তি ব্যয় করতে হয়েছে। এ তথ্য জেলার সাত উপজেলার ৭০টি মাছ-ঘাটের আড়তদার ও জেলেদের কাছ থেকে পাওয়া।এদিকে ভোলার ৭০টি মাছ-ঘাটে প্রতি মাসে গড়ে ১৪৫ কোটি টাকার মাছ কেনাবেচা হয় বলে জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়।নয় শতাধিক নৌকায় দস্যুতা: মৎস্য ব্যবসায়ী ও আড়তদারেরা জানান, চরফ্যাশনে ১৬টি মাছ-ঘাটের ৩৫০, মনপুরার ১০টিতে ১৫০, তজুমদ্দিনের ১১টিতে ২০০, দৌলতখানের সাতটিতে ১০০, ভোলা সদরের ১১টিতে ১০, বোরহানউদ্দিনের সাতটিতে ৫০ এবং লালমোহনের আটটি ঘাটের ৫০টিসহ মোট ৯১০টি নৌকায় দস্যুরা চলতি বছরের বিভিন্ন সময় হামলা চালিয়েছে। চরফ্যাশনের সামরাজ মাছ-ঘাটের ফারুক, আজিজ, মাসুমসহ কয়েকজন জেলে বলেন, এ বছর এক নৌকা তিন থেকে পাঁচবার জলদস্যুদের কবলে পড়েছে।ক্ষতির হিসাব: রোববার কথা হয় সামরাজ ঘাট মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন মিয়া, আড়তদার সালাউদ্দিন পাটওয়ারী, আবদুল হক ও জেলে জয়নাল মাঝির সঙ্গে। তাঁরা জানান, ঘাটে বছরের আট মাস প্রতিদিন গড়ে ৫০ লাখ টাকার মাছ কেনাবেচা হয়। এ ঘাটে ১৯টি তওফিলে (আড়ত) ছোট-বড় আট শতাধিক নৌকা আছে। প্রতিটি নৌকার দাম দুই থেকে ২০ লাখ টাকা। একটি নৌকায় ১৪-২৮ জন জেলে থাকেন। জেলেরা আরও বলেন, নৌকায় জেলেদের খাদ্যসামগ্রী, ডিজেল, মুঠোফোন, রেডিও, সার্চলাইট, জাল, ইঞ্জিন, মাছসহ কয়েক লাখ টাকার সরঞ্জাম থাকে। দস্যুরা নৌকার সঙ্গে দুই থেকে পাঁচজন জেলে অপহরণ করে। ওই নৌকা ও জেলেদের মুক্ত করতে দস্যুদের ৫০ হাজার থেকে দুই লাখ টাকা দিতে হয়। মুক্তিপণ দেওয়ার পরপরই নৌকা ও অপহূত ব্যক্তিদের পাওয়া যায় না। নৌকা পেতে ক্ষেত্রবিশেষে দুই-তিন মাস লেগে যায়। ওই নৌকা আবার মাছ ধরার উপযুক্ত করার জন্য মালামাল কিনতে হয়। সব মিলিয়ে গড়ে সাত-আট লাখ টাকা চলে যায় মৎস্য ব্যবসায়ীদের। প্রায় একই তথ্য দেন ভোলার বাদবাকি মাছঘাটগুলোর জেলে ও ব্যবসায়ীরা। দস্যুবাহিনী ও তাদের হামলায় প্রাণহানি: জেলেরা অভিযোগ করেন, হাতিয়ার বাবুল বাহিনী, কালাম বাহিনী, মির্জাকালুর ফোরকান বাহিনী, ইয়াসিন, চরফ্যাশনের জাটকা বাবুল, মো. উল্যাহ, মেঘনা জাকির, ভোলা মুন্সিচরের ফরিদ মেম্বার, সায়েদ আলী, চর ক্যাকরার মাসুদ, সকেট বাহিনী, বালু খালেক, মির্জাকালুর কালা জসিম, সামসুদ্দিন, মহিষ কামাল, সোনা জসিমসহ একাধিক জলদস্যু বাহিনী মেঘনায় ডাকাতি, নয়তো ‘টোকেন’ দিয়ে চাঁদাবাজি করছে।এসব জলদস্যু বাহিনীর সদস্যদের হামলায় চলতি বছর ছয় জেলে প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নুরুন্নবী (৩৫), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম (২৭) ও উপজেলার জিন্নগড় ইউনিয়নের আবদুুল মান্নান মাঝি। তাঁরা সবাই মাছ ধরে সামরাজ ঘাটে বিক্রি করতেন। এ ছাড়া উপজেলার ঢালচর সাগর মোহনায় গত ১৬ ফেব্রুয়ারি দস্যুদের গুলিতে রুবেল (৩২) নামে এক জেলে মারা যান। মনপুরার মাঝের চর মাছঘাটের আড়তদার আবদুর রাজ্জাক জানান, ৩ মার্চ সিডু মহাজনের নৌকার মাঝি কামাল (৩২) ও ১২ ডিসেম্বর চর নিজামের বাবুল মাঝিকে (২৭) দস্যুরা গুলি করে হত্যা করে।সুপারিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য: চরফ্যাশনের ঢালচর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সালাম হাওলাদার, মনপুরা রামনেওয়াজ মাছঘাটের ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, বছরে কয়েক শ নৌকা ডাকাতির কবলে পড়লেও নৌকার মালিকেরা প্রশাসনের দ্বারস্থ হন না। কারণ, জলদস্যু নৌকা ও জেলেদের নিয়ে গেলে টাকার বিনিময়ে ফেরত পাওয়া যায়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বললে কখনো ফেরত পাওয়ার আশা থাকে না।বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতির সহসভাপতি ফজলুল কাদের প্রথম আলোকে বলেন, জলদস্যুতা বন্ধে মেঘনার ভোলা কাচিয়া মাঝের চর, দৌলতখানের হাজিপুর মাঝের চর, তজুমদ্দিনের চর জহিরুদ্দিন, মনপুরার চর নিজামসহ কয়েকটি পয়েন্টে নৌবাহিনীর ক্যাম্প বসানো দরকার। সরকার এ ক্ষেত্রে নৌ-পুলিশ গঠন করে তাদের দ্রুতগামী নৌযান ও অভিযান ভাতা দিলে জলদস্যুদের কিছুটা হলেও দমন করা যাবে। এ ছাড়া জেলে-কার্ড ও জেলেনৌকার নিবন্ধন করার সুপারিশ করেন তিনি।ভোলার পুলিশ সুপার মো. বশির আহাম্মদ বলেন, জলদস্যু দমনে উপকূলীয় অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে নামা উচিত। বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল কাজী সরওয়ার হোসেন বলেন, মেঘনার জেলেদের নিরাপত্তার জন্য কোস্টগার্ড সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত আছে, থাকবে। এ জন্য ক্যাম্প ও দ্রুতগামী জলযান দেওয়া হবে। রাতে টহল বাড়ানোর প্রস্তাবও দেন তিনি।