
দেশের ভৌগোলিক নিরাপত্তা বিধানে অগ্রণী ভূমিকা রাখার জন্য নৌবাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে নবীন কর্মকর্তাদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ক্যাডেটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারাই হবেন এই ঐতিহ্যবাহী নৌবাহিনীর ভবিষ্যৎ কর্ণধার। নৌবাহিনী তথা দেশের স্বার্থকে ক্ষুদ্র ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে। এমন কোনো কাজ আপনারা কখনো করবেন না, যা নৌবাহিনীর মান ও ঐতিহ্যকে ক্ষুণ্ন করে।’
শীতকালীন এ কুচকাওয়াজের মাধ্যমে নৌবাহিনীর ডাইরেক্ট এন্ট্রি অফিসার ২০১৪/বি ব্যাচের ১৩ জন এবং মিডশিপম্যান ২০১৩/এ ব্যাচের ৬০ জনসহ মোট ৭৩ জন কর্মকর্তা কমিশন লাভ করেন। এঁদের মধ্যে একজন শ্রীলঙ্কান মিডশিপম্যান রয়েছেন।
নৌবাহিনীর উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সরকারের সময়ে ১৬টি জাহাজ, দুটি হেলিকপ্টার এবং দুটি মেরিটাইম পেট্রল এয়ার ক্রাফট নৌবাহিনীতে যুক্ত হয়েছে। তিনি বলেন, আগামী ২০১৬ সালের মধ্যেই নৌবাহিনীতে সাবমেরিন সংযোজিত হবে।
যুদ্ধজাহাজ নির্মাণে স্বনির্ভরতা অর্জন করার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীর দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত খুলনা শিপইয়ার্ড এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে নিজস্ব প্রযুক্তিতে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ।
সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় এক কোটি লোকের কর্মসংস্থান হয়েছে। মাথাপিছু আয় ৬৩০ ডলার থেকে বেড়ে এক হাজার ২০০ ডলারে উন্নীত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ১৩ হাজার মেগাওয়াটে পৌঁছেছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুচকাওয়াজ পরিদর্শন করেন ও সালাম গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও নেভাল একাডেমির কমান্ড্যান্ট কমোডর নাজমুল হাসান।
এবার সেরা চৌকস মিডশিপম্যান কে এম মোর্শেদ আল আসেফ ‘সোর্ড অব অনার’ লাভ করেন। শ্রেষ্ঠ ফলাফল অর্জন করে শহীদ মোয়াজ্জম পদক লাভ করেন ২০১৪/বি ব্যাচের ফারজানা জেসমিন। এ ছাড়া পেশাগত ও শিক্ষাগত বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে মিডশিপম্যান এম রাকিবুল হাসান ওসমানী স্বর্ণপদক ও মোসাম্মৎ ফাতেমা আক্তার রোয়াইদা ‘নৌপ্রধান স্বর্ণপদক’ লাভ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে এসব পদক তুলে দেন।