
নতুন ভ্যাট আইন বাস্তবায়িত হলে ভোক্তার ওপর নতুন করে কোনো করের চাপ আসবে না। ইস্পাত পণ্য বা রড ছাড়া কোনো পণ্যের দাম বাড়বে না, বরং কিছু পণ্যের দাম কমতে পারে।
আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহায়তায় প্রথম আলো আয়োজিত নতুন ‘ভ্যাট আইন: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেছেন এনবিআরের সদস্য (ভ্যাট নীতি) জাহাঙ্গীর হোসেন।
তবে একই অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কাছে ভ্যাট আইনের সবকিছু পরিষ্কার নয়। নতুন ভ্যাট আইন বাস্তবায়নে বেসরকারি বিনিয়োগের ওপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত এ বৈঠকের সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। বৈঠকে নতুন ভ্যাট আইনের পক্ষে-বিপক্ষে মতামত রাখেন বক্তারা। সবার স্বার্থে অস্পষ্টতা নিরসনের দাবি জানানো হয় বৈঠকে।
এনবিআরের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, একটি কর ব্যবস্থা এমন হওয়া উচিত, যার ভিত্তি অনেক প্রশস্ত হবে। করের আহরণ বাড়াতে হবে। এমন একটি হার নির্ধারণ করতে হবে, যা সহনীয়। আর এসব বিষয় মাথায় রেখে নতুন ভ্যাট আইন তৈরি করা হয়েছে। তিনি বলেন, কর ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। যে ব্যবস্থাপনার মাধ্যমে করদাতাদেরই সুবিধা হবে। নতুন ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের কোনো ভীতির কারণ নেই। তাঁরা যে রকম সুবিধা বা সুরক্ষা পাচ্ছেন, সেই রকমই পাবেন। স্থানীয় শিল্পগুলো যে সুরক্ষা পাচ্ছে, তা পুনর্বহালের চিন্তা সরকারের আছে। এ ছাড়া ভোক্তা যে মূল্যে এখন জিনিসপত্র ক্রয় করছেন, নতুন আইনে তার ওপর বাড়তি কোনো করের চাপ আসবে না।
বৈঠকে এনবিআরের পক্ষ থেকে তিনটি ভিন্ন ভিন্ন তথ্যচিত্রের মাধ্যমে ভ্যাট বিষয়ে ব্যবসায়ী ও ভোক্তার করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
ভ্যাট আইনে যে হারে ভ্যাট আদায় করা হবে, ব্যবসায়ীরা তার চেয়ে বেশি নেবেন না এমন নিশ্চয়তা কি—এমন প্রশ্ন করেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি বলেন, ভ্যাট আইনে আবাসন খাতের কিছু পণ্য যেমন স্টিল, রডে ভ্যাট বাড়বে। বাংলাদেশে নির্মাণ খরচ অনেক বেশি। এতে তা আরও বাড়বে।

শেখ ফজলে ফাহিমের বক্তব্যে একমত হন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। তিনি বলেন, মানুষ দু-একটা ফ্ল্যাট কিনত, তা-ও বন্ধ হয়ে যাবে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, বাংলাদেশে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ অনেক কম। ব্যবসা করার ব্যয় অনেক বেশি। অনেক দেশের চেয়ে বাংলাদেশে ব্যবসায় মুনাফার হার কম। এসব বিষয় মাথায় রেখে একটি অনুমানযোগ্য, দীর্ঘমেয়াদি ও একক হারে ভ্যাট বসানো উচিত।
বৈঠকে নতুন ভ্যাট আইনের কিছু সংশোধনের বিষয় তুলে ধরেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সব পণ্যে ১৫ শতাংশ ভ্যাটের হার কিছুটা বেশি। এটা কমিয়ে আনা যায় কি না, তা দেখা যেতে পারে।
বৈঠকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ভ্যাটের পুরো চাপ পড়ে ভোক্তার ওপর। পানি ও গ্যাসের বিলে ভ্যাট আরোপের পর ভোক্তাকে বেশি দিতে হবে কি হবে না তা জানাতে হবে। তিনি বলেন, ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিজের সুরক্ষার নামে ভোক্তা জবাই হচ্ছে কি না, তা আমাদের দেখতে হবে। যেমন চিনি শিল্প। অর্থনীতিতে এটিকে সরকারি ব্যয়ের ক্ষেত্রে রক্তক্ষরণ বলা যেতে পারে। এসব খাতে সুরক্ষা না দিয়ে বিকল্প ব্যবস্থা বের করলে তা অর্থনীতির জন্য ভালো হবে বলে মনে করেন তিনি। একটি শিল্পকে সুরক্ষা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া উচিত, তা অনন্তকাল ধরে দেওয়া উচিত নয়।
সুরক্ষা দিলে ওই শিল্প অদক্ষ হয়ে পড়ে এমন মন্তব্য করে বেসরকারি সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ভ্যাট ১ শতাংশ কমানো হলেও কি পণ্যের দাম কমবে। ৭ শতাংশ ভ্যাটের প্রস্তাব যুক্তিসংগত?
আহসান এইচ মনসুর বলেন, ভ্যাটের হার নিয়ে ব্যবসায়ী মহলের উদ্বেগ থাকা উচিত নয়। ব্যবসায়ীদের ভাবতে হবে হয়রানি থেকে রক্ষা, সহজে রেজিস্ট্রেশন, কর প্রদানের সেবা নিয়ে। তিনি বলেন, মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে আমাদের মুক্ত বাণিজ্য চুক্তিতে যেতে হবে। সেটা আমাদের ভাবতে হবে।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) কাউন্সিল মেম্বার মো. হুমায়ূন কবির, বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কে এম এইচ শহীদুল হক ও এফবিসিসিআইয়ের সাবেক উপদেষ্টা মঞ্জুর আহমেদ।