ভ্যাট দিতে মানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সামর্থ্য থাকলেও অনেকের মধ্যে ভ্যাট (মূল্য সংযোজন কর) দেওয়ার মানসিকতা নেই। দেশকে উন্নত করতে হলে ভ্যাট দিতে হবে। এ জন্য মানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু সম্মেলনকক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মেয়র বলেন, ভ্যাট থেকে যে টাকা আসে তা দিয়ে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বাজেট করা হয়। তাই ভ্যাট আহরণ যত বাড়বে জনকল্যাণমূলক প্রকল্পের বরাদ্দও তত বাড়বে।
সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি কর আপিল আদালত চট্টগ্রামের কমিশনার মাহবুব হোসেন, চট্টগ্রাম কাস্টমসের কমিশনার এ এফ এ আবদুল্লাহ খান, চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ প্রমুখ।
সেমিনারে সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, একতরফাভাবে কোনো কিছু চাপিয়ে দিতে চায় না সরকার। এ জন্য মূসক আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সমর্থন আদায়ে সেমিনারসহ সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই আইন নিয়ে কোনো প্রস্তাব থাকলে তা ব্যবসায়ীদের জানানোর আহ্বান জানান তিনি।