ভ্যাট প্রত্যাহার হতে পারে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হতে পারে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সরকারের শীর্ষ পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, মন্ত্রিসভার আজকের বৈঠকে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে সরকারের শীর্ষ পর্যায়ে ভ্যাট প্রত্যাহার নিয়ে চিন্তাভাবনা চলছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এক ব্রিফিংয়ে বলেছেন, ‘ভ্যাট প্রত্যাহারের ব্যাপারে মন্ত্রিসভায় কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আমি যতটুকু জানি, এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কথা বলেছেন। এর ফলাফল আপনারা জানতে পারবেন।’
এদিকে অর্থমন্ত্রী আজ সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, ‘ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। সিদ্ধান্ত হলে জানতে পারবেন।’ সচিবালয়ে তিনি যখন এ কথা বলছিলেন তখন তাঁর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান ছিলেন।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত কয়েক দিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। রাজধানীর উত্তরা, ধানমন্ডি, গ্রিনরোড-পান্থপথ, রামপুরাসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যানজটের পাশাপাশি গত কয়েক দিন রাস্তায় নেমে দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।
প্রথম দিকে ভ্যাট আদায়ের ব্যাপারে অর্থমন্ত্রী বেশ শক্ত অবস্থানে থাকলেও গতকাল রোববার বিকেলে সচিবালয়ে আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র নির্মাণসংক্রান্ত এক বৈঠক শেষে তিনি বলেন, সরকার বিষয়টি নিয়ে অনমনীয় নয় এবং এ বিষয়ে আলোচনার দরজাও বন্ধ নয়। বিষয়টি পুনর্বিবেচনারও ইঙ্গিত দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘মূসক নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, আমি আশা করি এর একটি সম্মানজনক সমাধান সম্ভব।’ সমাধানটি শিগগিরই হয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময় অর্থমন্ত্রীর পাশে থাকা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এর সমাধানও হয়ে যাবে।’ তিনি বলেন, বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে এবং কোমলমতি শিক্ষার্থীদের কথা ভাবতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আরোপ করা ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এর মধ্যে গত বৃহস্পতিবার তাঁদের অবরোধে অচল হয়ে পড়ে রাজধানী। এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থীরা নন। গত শুক্রবার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের আগে অর্থমন্ত্রী আবার এ বিষয়ে কথা বলেন। ওই দিন তিনি বলেন, ভ্যাট নিয়ে আন্দোলনের কোনো যৌক্তিকতা খুঁজে পান না তিনি। এরপর গতকাল রোববারও ভ্যাট প্রত্যাহার নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল-সমাবেশ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।