বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।অ্যাসোসিয়েশনের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সি এম শফি সামি। আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির পরিচালনা বোর্ডের সভাপতি জালালউদ্দিন আহমেদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির উপাচার্য এম আলিমুল্লাহ মিয়া প্রমুখ। চলতি ২০১০-১১ অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ৪ দশমিক ৫০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভ্যাট আরোপের বিরোধিতা করে আন্দোলন করেন। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এই ভ্যাট আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্য ইংরেজি মাধ্যমের স্কুল, বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফির ওপর একই হারে ভ্যাট আগে থেকেই ছিল।বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট না নিতে একটি সমীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এনবিআরকে। তবে তাদের দাবি অনুযায়ী, আরোপিত ১৫ শতাংশ আয়কর প্রত্যাহার করা হবে না। বলে জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তে আয়করের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো আশা করা ঠিক হবে না। আগামী অর্থবছরে তা চিন্তা করা যাবে। অর্থমন্ত্রী আরও জানান, আয়কর প্রত্যাহার করার জন্য ৩৩টি বিশ্ববিদ্যালয় রিট করেছে। কিন্তু একটি রায় হয়েছে, যা সরকারের পক্ষে গেছে।