ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা সবার অধিকার। অথচ সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর মূল্য সংযোজন কর ধার্য করে একে পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করল। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই করের বোঝা শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিচ্ছে। এতে বাড়তি খরচ জোগাতে হাজার হাজার শিক্ষার্থীর পরিবারকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হবে।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় মানববন্ধনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কথা বলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ফি ও বেতন নির্ধারণ করে দিতে সরকারের প্রতি দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সবাই উচ্চবিত্ত পরিবারের সদস্য নন। বেশির ভাগই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে পড়তে আসেন। এই বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়ার ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ করতে সমস্যা হবে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অবিলম্বে এই কর প্রত্যাহার করতে হবে।