ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপ করা মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালগুলোতে পর্যাপ্ত আসন নেই। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত সেশনজট। এসব কারণে দেশের শিক্ষার্থীদের বড় একটি অংশ উচ্চশিক্ষার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বাধ্য হয়। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নির্ধারণ না করে অন্যায়ভাবে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করেছে। এতে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা কঠিন হয়ে পড়বে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপ করা ভ্যাট প্রত্যাহারের দাবি জানান। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তাঁরা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজয় দাশ, শরিফুল ইসলাম, উৎসব চৌধুরী, সানজানা সিফাত, রাশেদুল আমিন।