বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। দেশব্যাপী সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আলাদা সংবাদ সম্মেলন করে সংগঠনগুলোর নেতারা এ সমর্থন জানান এবং কর্মসূচি দেন। তাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতনকাঠামো ঘোষণার দাবিতে চলমান আন্দোলনেও সমর্থন দিয়েছেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট চলবে।
প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দ্দন দত্ত বলেন, কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজেদের মতো করে লাখ লাখ টাকা টিউশন ফি নির্ধারণ করছে। ছাত্ররা বাধ্য হচ্ছেন সেই ব্যয় বহন করতে।
ছাত্রজোটের মধ্যে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্র ঐক্য ইত্যাদি সংগঠন রয়েছে।