ভ্যাটের কারণে দাম বাড়ছে জিনিসপত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই হারের ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের প্রস্তাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম। তিনি বলেছেন, অর্থমন্ত্রীর এই প্রস্তাবে সমালোচনার ঝড় বইছে চারদিকে।
জাতীয় সংসদে গতকাল বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনায় নুরুল ইসলাম এ কথা বলেন। ভ্যাট ও ব্যাংকে আমানতের ওপর বাড়তি আবগারি শুল্ক আরোপের প্রস্তাবের কারণে বাজেটের অনেক ইতিবাচক দিক চাপা পড়ে গেছে বলেও মনে করেন তিনি।
আলোচনায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ভ্যাট একটি পশ্চাৎপদপদ্ধতি। এতে ধনী-গরিবকে এক পাল্লায় মাপা হয়। ভ্যাট কমিয়ে সরকারের উচিত প্রত্যক্ষ করে মনোযোগ দেওয়া। তিনি আরও বলেন, বড় প্রকল্পগুলোয় সুশাসন নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে মহাজোট সরকার বিপজ্জনক অবস্থায় পড়তে পারে।
ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রসঙ্গে জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী বলেন, অভিধান ঘেঁটে তিনি দেখেছেন, আবগারি শুল্ক হচ্ছে পাপ-কর। সমাজে ক্ষতিকর বিষয়ে নিরুৎসাহিত করতে এই কর আরোপ করা হয়। বৈধ আয় কেন পাপ-করের আওতায় আনা হবে। তিনি বলেন, পানামা পেপারসে অনেক বাংলাদেশির নাম এসেছে। কানাডা, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অনেকে ‘সেকেন্ড হোম’ করেছেন। ব্যাংক থেকে লুট হয়েছে ১৫ হাজার কোটি টাকা।
সরকারি দলের হাবিবে মিল্লাত আবগারি শুল্ক বিষয়ে অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, স্বল্প আয়ের লোকদের দিকে না তাকিয়ে ধনীদের দিকে তাকাতে হবে। বুঝতে হবে এবং বোঝাতে হবে যে কার ক্ষতি হচ্ছে। তিনি দাবি করেন, চালের দাম পাঁচ থেকে ছয় টাকা বাড়ার খবর সত্য হলেও কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সরকারের চরিত্র হনন করছে এবং তারা বিদেশ থেকে টাকা পায়।
সরকারি দলের তানভীর ইমাম বলেন, এটা নির্বাচনের আগে শেষ কার্যকর বাজেট। বিষয়টা মাথায় রেখে আসনভিত্তিক ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দিতে হবে। সঞ্চয়পত্রে সুদের হার না কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মনে রাখতে হবে, ২০১৮ সালে তাঁরা হবেন আমাদের সম্মানিত ভোটার।’
বাজেট আলোচনায় আরও অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, স্বপন ভট্টাচার্য, তালুকদার মো. ইউনুস, নাভানা আক্তার, রেজাউল হক চৌধুরী, মিজানুর রহমান। বক্তব্য দেওয়ার জন্য স্পিকার নাম ডাকলেও অনুপস্থিত ছিলেন সলিমউদ্দিন তরফদার ও রিফাত আমীন।
বিএনপির সমালোচনা
আলোচনায় অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিক্রিয়ার সমালোচনা করে সরকারি দলের সাংসদ শফিকুল ইসলাম বলেন, খালেদা জিয়ার মানসিক চিকিৎসা দরকার। তিনি আবোলতাবোল বকছেন।
বি এম মোজাম্মেল হক বলেন, খালেদা জিয়া স্বশিক্ষিত। তাঁর শিক্ষাদীক্ষা নেই। তাঁর তো বটেই, তাঁর উপদেষ্টাদেরও চিকিৎসা নেওয়া উচিত।
পাহাড়ধসে হতাহতের ঘটনায় শোক
অধিবেশনের শুরুতে রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড়ধসে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে জাতীয় সংসদ। স্পিকার অধিবেশনের শুরুতে পাহাড়ধসে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং উদ্ধারকাজ করতে গিয়ে নিহত সেনাসদস্যদের জন্য শোক প্রকাশ করেন।