ভ্যান ভাড়াটাও ওঠে না

মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসলের খদ্দের নেই। দুই টাকায়ও একটি লাউ কেনে না কেউ। তাই হতাশ, ক্ষুব্ধ চাষিরা বাজারে বয়ে আনা সবজি আবার কষ্ট করে বাড়ি ফেরত না নিয়ে রাস্তার পাশে ঢেলে ফেলে দেন।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজার এলাকায়। রমজান মাসে বেশি লাভের আশায় কৃষকেরা কষ্ট করে সবজির আবাদ করেন। সেই সবজি নিয়ে মহাস্থান বাজারে এসে তাঁরা বিপাকে পড়েছেন। ক্রেতা না থাকায় অনেক চাষিই বয়ে আনা অবিক্রীত সবজি ফেলে দেন।
উপজেলার সাত-আটজন চাষি বলেন, এক সপ্তাহ ধরে লাউসহ কয়েকটি সবজির দাম তলানিতে ঠেকেছে। এমনকি ভ্যান, রিকশা ভাড়া করে সবজি বাজারে আনার পয়সাও মিলছে না। গতকাল মহাস্থান বাজারে প্রায় দেড় শ চাষি লাউ নিয়ে আসেন। বাজারের শুরুতে কয়েকজন পাইকার প্রতিটি লাউ দুই টাকা দরে কিনলেও পরে আর সেই দামেও তা তাঁরা কিনছিলেন না।
গতকাল দুপুরের পর বাজারে গিয়ে দেখা যায়, অনেক চাষি ক্ষোভে লাউসহ বিভিন্ন সবজি সড়কের পাশে ফেলে দিয়েছেন। অনেকে আবার বাজারেই সবজি ফেলে রেখে বাড়ি চলে গেছেন।
উপজেলার কুড়াহার গ্রামের চাষি তোজাম্মেল হোসেন দাম না পেয়ে লাউ নিয়ে বাড়ি ফেরার পথে মানুষকে বিনা মূল্যে তা দিয়ে দিচ্ছিলেন। তিনি বলেন, ‘এত লোকসান কেমন করে সামাল দেব, ভেবে পাচ্ছি না।’ তাঁর সঙ্গে থাকা একই গ্রামের চাষি জাফরুল ইসলাম বলেন, ‘সকাল থ্যাকা লাউ লিয়া বস্যা ছিনু। পাইকাররা দাম করবারই চায় না। তাই মনের দুঃখে রাস্তার ধারোত লাউ ফ্যালা দিয়া আনো।’
বাজারে খোঁজ নিয়ে জানা যায়, শুধু লাউ নয়, প্রায় সব সবজির দামই পড়ে গেছে। গতকাল এ বাজারে প্রথমে ঝিঙে ১২০ টাকা মণ গেলেও পরে ৮০ টাকায় নেমে আসে। একসময় আরও দাম কমতে শুরু করলে চাষিরা যে যা দামে পেরেছেন বিক্রি করেছেন।
কাঁচামাল ব্যবসায়ী আবু তাহের বলেন, ‘চট্টগ্রামসহ বড় বড় শহরে সবজির চাহিদা কমে গেছে। তাই আমরা মাল কিনতে সাহস পাচ্ছি না।’
শাহ সুলতান ট্রেডার্সের মালিক বাবু মিয়া বলেন, ‘এসব সবজি সাধারণত চট্টগ্রামে বেশি যায়। কিন্তু সেখানে চাহিদা না থাকায় আমরা সবজি কিনতে পারছি না। এ কারণে সবজির দরপতন হয়েছে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, চলতি মৌসুমে সবজির আবাদ ভালো হয়েছে। এ কারণে বাজারে সবজি বেশি উঠছে। কিন্তু সে তুলনায় ক্রেতা না থাকায় বর্তমানে সবজির দরপতন ঘটেছে।