ভ্যানচাপায় শ্রমিক নিহত, গাড়ি ভাঙচুর, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল বৃহস্পতিবার সকালে ভ্যানচাপায় কারখানার এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। অপরদিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক লিচু বিক্রেতা নিহত হয়েছেন।
নিহত শ্রমিক হলেন সিরাজগঞ্জ সদরের দত্তবাড়ি এলাকার মুক্তার হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪০)।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, কারখানায় কাজে যাওয়ার পথে সকাল পৌনে ছয়টার দিকে গিলারচালা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি ভ্যান শফিককে চাপা দেয়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে বিক্ষুব্ধ সহকর্মীরা ও অন্য কারখানার শ্রমিকেরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেন। এ সময় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয় এবং সকাল সোয়া সাতটার দিকে গাড়ি চলাচল শুরু হয়।
কারখানার উপমহাব্যবস্থাপক আবদুর রহমান জানান, এ ঘটনায় কারখানায় ‘এ শিফটের’ (৬টা-২টা) কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক লিচু বিক্রেতা নিহত হয়েছেন। তিনি শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. তাইজুদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩৩)। গতকাল সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।