ভ্যানচালক গ্রেপ্তার, ছুরি ও ভ্যান জব্দ
নারায়ণগঞ্জ শহরের মাসদাইরের স্কুলছাত্র আরাফাত রহমান সিয়াম (১০) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত রোববার দিবাগত রাতে মো. আসলাম (২০) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহূত একটি ছুরি ও লাশ বহনকাজে ব্যবহূত ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আসলাম গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সিয়ামের খুনিদের ফাঁসির দাবিতে গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
সিয়াম শহরের পশ্চিম মাসদাইর এলাকার মোস্তফা মাদবরের ছোট ছেলে। পড়ত মাসদাইরের আদর্শ স্কুলের চতুর্থ শ্রেণীতে। গত শুক্রবার সন্ধ্যার পর তাকে বাসা থেকে ডেকে নিয়ে খুন করা হয়। পরদিন শনিবার মুন্সিগঞ্জের মুক্তারপুর শান্তিনগর এলাকার কবরস্থানের সামনে তার লাশ পাওয়া যায়। এরপর পুলিশ রোববার দিবাগত রাতে ফতুল্লার মাসদাইর এলাকার পাকাপুল এলাকা থেকে ভ্যানচালক আসলামকে গ্রেপ্তার করে।