ভ্যানচালককে গুলি করে ফলবোঝাই ভ্যান ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পলাশী মোড়ের কাছে গতকাল বৃহস্পতিবার এক ভ্যানচালককে গুলি করে ফলবোঝাই ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ছাড়া, মগবাজারের নয়াটোলায় এক স্কুলশিক্ষককে গুলি করে ১২ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ ভ্যানচালক মো. রানা (৩০) ও স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রানা বলেন, তিনি বাদামতলী ফলের আড়তের ভ্যানচালক। ভোরে বাদামতলীর আড়ত থেকে ভ্যানে আম, কাঁঠাল, আঙুরসহ বিভিন্ন ফল নিয়ে মোহাম্মদপুর টাউন হল বাজারে পৌঁছে দিতে যাচ্ছিলেন। ভোর পাঁচটার দিকে পলাশী বাজারের কাছে পৌঁছালে চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁর ভ্যানের গতিরোধ করে। তারা ফলবোঝাই ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর পেটে গুলি করে ফলবোঝাই ভ্যান ছিনিয়ে নিয়ে যায়। ভ্যানে ৬০ হাজার টাকার ফল ছিল।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন বলেন, ফলবোঝাই ভ্যান ছিনতাইয়ে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় কোনো মামলাও হয়নি।
এদিকে গতকাল বিকেল সোয়া তিনটার দিকে মগবাজারের নয়াটোলায় র্যাব-৩-এর কোম্পানি কার্যালয়ের কাছে চার ছিনতাইকারী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমানকে (৩০) ডান ঊরুতে গুলি করে তাঁর স্ত্রীর কাছ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন মিজানুর রহমান জানান, তিনি তাঁর স্ত্রী মনিজা আক্তারকে নিয়ে হেঁটে নয়াটোলায় তাঁর বন্ধুর বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর স্ত্রীর কপালে পিস্তল ঠেকিয়ে তাঁর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি (মিজানুর) বাধা দেন। এতে ছিনতাইকারীরা পিস্তল দিয়ে তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে স্ত্রীর ভ্যানিটি ব্যাগে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনটি গুলিই তাঁর বাঁ ঊরুতে লাগে।