ভ্যানে শুয়ে পরীক্ষা দিচ্ছে মাশকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছিল মাশকুল আলম। এর কয়েক মাস পর পায়ের হাড়ে ক্ষয়রোগ ধরা পড়ে। এরপর করা হয় অস্ত্রোপচার। অসুস্থতা কিংবা অস্ত্রোপচার কোনোটিই দমিয়ে রাখতে পারেনি মাশকুলকে। ভ্যানে শুয়ে শুয়ে এবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে সে।
মাশকুল নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের নিজসেনবাগ গ্রামের মো. একরামুল হকের ছেলে।
ভ্যানে চড়ে বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিচ্ছে মাশকুল।
গত মঙ্গলবার পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশবিজ্ঞান পরীক্ষা নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগেই শেষ করে মাশকুল। পরীক্ষা শেষে মাশকুল প্রথম আলোকে জানায়, শুয়ে শুয়ে পরীক্ষা দিতে কিছুটা কষ্ট হলেও প্রথম তিনটি বিষয়ে সবগুলো প্রশ্নের উত্তরই ভালোভাবে লিখতে পেরেছে সে।
মাশকুলের মা জেসমিন আক্তার জানান, নয়-দশ মাস আগে বাড়ির পাশে খেলতে গিয়ে বাঁ-পায়ের হাঁটুতে আঘাত পায় মাশকুল। এরপর স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। কিন্তু ব্যথা ভালো হয় না। ব্যথা নিয়েই নিয়মিত মাদ্রাসায় যায় মাশকুল। পড়ালেখার প্রতি তার খুবই আগ্রহ। ক্লাসে সে প্রথম। তিনি জানান, প্রায় দেড় মাস আগে পায়ের ব্যথা বেড়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর মাশকুলের হাড়ে ক্ষয়রোগ ধরা পড়ে। এক মাস আগে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) অস্ত্রোপচার করা হয়। এ সময় পা থেকে কোমর পর্যন্ত প্লাস্টার করে দেওয়া হয়। মাশকুলকে ৪৫ দিন টানা বিছানায় শুয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়।
জেসমিন আক্তার বলেন, অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকলেও পড়ালেখা থেকে মাশকুলকে দূরে রাখা যায়নি। দিনরাত পড়ালেখা করে পরীক্ষার প্রস্তুতি নেয় সে। মাশকুলকে পরীক্ষাকেন্দ্রে আনা-নেওয়ার জন্য তিন হাজার টাকায় ভ্যানগাড়ি ভাড়া করেন তাঁরা। তিনি বলেন, কেন্দ্রের দায়িত্বপাপ্ত লোকজন মাশকুলকে বেশ সহায়তা করছেন।