ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু
নীলফামারী সদর উপজেলায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে সোহানা আক্তার (১৬) নামের দশম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে রামনগর ইউনিয়নের উত্তর রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়নের বাহালীপাড়া গ্রামের সেকেন্দার আলীর মেয়ে সোহানা চাঁদেরহাট বিশমুড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।
সোহানার চাচা তৈয়ব আলী জানান, ইউনিয়নের চাঁদেরহাটের একটি কোচিং সেন্টারে পড়া শেষ করে তিন বান্ধবীর সঙ্গে ভ্যানে করে বাড়ি ফিরছিল সোহানা। উত্তর রামনগর এলাকায় পৌঁছানোর পর ভ্যানের চাকার সঙ্গে সোহানার ওড়না পেঁচিয়ে যায়। সঙ্গে সঙ্গে ফাঁস লেগে সোহানা ভ্যান থেকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের দিকে রওনা হলে পথে সে মারা যায়।
সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, উপজেলার ধরনী ইউনিয়নের পাড়ের ভিটা এলাকায় গতকাল সকাল আটটায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে গিয়ে জুয়েল মিয়া (১৫) নামের এক ছাত্র নিহত হয়েছে। ওই ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্রামের রুহুল আমিনের ছেলে জুয়েল স্থানীয় মেধাবিকাশ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ছাত্র ছিল।