ভ্রমণ ছাড়া সব ভারতীয় ভিসার আবেদন সরাসরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রমণ (ক্যাটাগরি টি) ছাড়া অন্য সব ধরনের ভারতীয় ভিসার আবেদন ‘অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ডেট’ বা ‘ই-টোকেন’ ছাড়াই স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) সরাসরি জমা নেওয়া হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-টোকেন ছাড়া সরাসরি জমা নেওয়া হবে এমন ক্যাটাগরির ভিসার আবেদনের মধ্যে রয়েছে বিজনেস (বি), মেডিকেল (এম), মেডিকেল এটেনডেন্ট (এমএক্স), স্টুডেন্ট (এস), রিসার্চ (আর), জার্নালিস্ট (জে), কনফারেন্স (সি), এমপ্লয়মেন্ট (ই), ট্রানজিট (টিআর) এবং শিল্পী, ক্রীড়াব্যক্তিত্ব, ভারতীয় নাগরিকদের স্বামী বা স্ত্রী, ব্যবসায়ী ব্যক্তিত্বদের স্বামী বা স্ত্রী, বেসরকারি খাতের আইটিইসি প্রশিক্ষণার্থী, ভারত সরকারের অর্থায়িত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পরিবারের সদস্য, বিদেশি নাগরিক (এক্স)।
ভিসার আবেদন ঢাকা (আইভিএসি গুলশান, আইভিএসি ধানমন্ডি এবং আইভিএসি মতিঝিল), চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার আইভিএসিতে গ্রহণ করা হবে। এই সুবিধা পেতে আবেদনকারীদের অনলাইন ফরম পূরণের সময় পাওয়া ‘ওয়েব রেজিস্ট্রেশন ডেট’-এর চার দিনের মধ্যে নির্দিষ্ট আইভিএসিতে আবেদনপত্র জমা দিতে হবে। এই চার দিন হচ্ছে সেই সময়কাল, যখন আবেদনপত্রের মেয়াদ বহাল থাকে। চার দিন পেরিয়ে গেলে আবার নতুন করে আবেদন ফরম পূরণ করতে হয়।
ভ্রমণ (টি) ভিসা আবেদনকারীদের জন্য ই-টোকেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট-এর ব্যবস্থা এখনো বলবৎ রয়েছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বা আইভিএসিসমূহের বাংলাদেশে কোনো এজেন্ট বা প্রতিনিধি নেই। আবেদনকারীরা তাঁদের ফরমে প্রদত্ত ডেটা ও সংশ্লিষ্ট দলিলপত্রের যথার্থতার ব্যাপারে পুরোপুরি দায়ী থাকবেন। ভারতীয় ভিসার হেল্পলাইনগুলো হচ্ছে:
[email protected], [email protected], [email protected]