ভ্রমণ বার্তা নিয়ে ঘুরছেন এক দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবার জন্য ভ্রমণ’—এ বার্তা নিয়ে মোটরসাইকেলে দেশের ৬৪ জেলা ঘুরছেন পর্যটক দম্পতি আলমগীর আহমেদ চৌধুরী এবং চৌধুরী দীপালি আহমেদ।

আজ বুধবার সকালে এ দম্পতি ফরিদপুর শহরে এসেছেন। তারা শহরের সরকারি রাজেন্দ্র কলেজ, পল্লি কবি জসীমউদদীনের বাড়ি ও নদী গবেষণা ইনস্টিটিউটসহ ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে ফরিদপুর প্রেসক্লাবে আসেন। এর আগে তারা ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সঙ্গে দেখা করেছেন।

আলমগীর ও দীপালি জানান, বাংলাদেশ পর্যটন বোর্ডের সহায়তায় এ বছরের ৩০ অক্টোবর মুন্সিগঞ্জ জেলা শহর থেকে মোটরসাইকেলে দুই মাস ব্যাপী এ দম্পতি দেশের ৬৪ জেলা ঘুরতে বের হয়েছেন। এই দম্পতির বাড়ি ঢাকার মিরপুরে।

ইতিমধ্যে তারা ৩৭টি জেলা ঘুরে ফরিদপুরে এসেছেন। বিকেলে জেলার মধুখালী উপজেলার মথুরাপুর দেউল দেখে রাতে সার্কিট হাউসে থেকে আগামীকাল বৃহস্পতিবার রাজবাড়ীর উদ্দেশে রওনা হবেন।

আলমগীর আহমেদ চৌধুরী এবং চৌধুরী দীপালি আহমেদ জানান, এ ভ্রমণের সময় দেশের বিভিন্ন আকর্ষণীয় স্থানের কুটির শিল্প, ঐতিহ্যবাহী খাবার, পর্যটন পণ্যের পরিচিতি, ছবি, ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দেবেন। এ ছাড়া বিশেষ করে যুব সমাজকে ভ্রমণে আগ্রহী করে তুলতে তারা তাঁদের অভিজ্ঞতার কাহিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে বর্ণনা করবেন।