ভ্রমণ ভিসায় মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, ৭৪ ব্যক্তিকে বিমান থেকে নামানো হলো
শিক্ষা সফরের নামে ভ্রমণ ভিসায় যাওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী একটি বিমান থেকে ৭৪ ব্যক্তিকে নামিয়ে আনা হয়েছে। অভিবাসন কর্মকর্তারা জানান, ওই ৭৪ জনের পাসপোর্ট জব্দ করে তা মালিবাগে পুলিশের বিশেষ শাখার সদর দপ্তরে পাঠানো হয়েছে। বিমানবন্দর অভিবাসন শাখার কর্মকর্তা রেজাউল করিম জানান, ইউসি মাস নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান শিশু ও তাদের অভিভাবকসহ ১৮৯ জনকে নিয়ে বাংলাদেশ বিমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাওয়ার উদ্দেশে হজরত শাহজালাল বিমানবন্দরে যায়। তাদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও শেষ হয়। শেষ মুহূর্তে দলের ৭৪ জনকে জিজ্ঞাসাবাদ করেন অভিবাসন কর্মকর্তারা। অসংলগ্ন কথাবার্তায় তাঁদের বিমান থেকে নামিয়ে আনা হয়। অভিবাসন শাখার আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, একটি দালাল চক্র ৭৪ জনের প্রত্যেকের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে তাদের ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় পাঠাচ্ছিল।