ভ্রমণপিপাসুদের দনিয়ায় আমন্ত্রণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দনিয়ার বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে আছে প্রায় তিন মাস ধরে। এই ছবি দক্ষিণ দনিয়ার শাহি মসজিদ সড়কের l প্রথম আলো
দনিয়ার বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে আছে প্রায় তিন মাস ধরে। এই ছবি দক্ষিণ দনিয়ার শাহি মসজিদ সড়কের l প্রথম আলো

‘ভ্রমণপিপাসুদের দনিয়ায় আমন্ত্রণ; ইতালির পর্যটন শহরের আদলে পানির নগরীতে...।’

মঞ্চনাট্যকর্মী শাহনেওয়াজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ওয়ালে এই স্ট্যাটাস দিয়েছেন। শাহনেওয়াজ দনিয়া এলাকার স্থায়ী বাসিন্দা। ফেসবুকে তাঁর মন্তব্যটি আসলে কষ্ট নিয়ে কৌতুক করে হালকা হওয়ার চেষ্টা। দনিয়া এলাকার চিত্রটা কিন্তু করুণ।

গতকাল মঙ্গলবার এক বেলা দনিয়া এলাকায় ঘুরে দেখা গেল বেশির ভাগ রাস্তায় হাঁটুপানি। কোথাও বাসাবাড়ি, দোকানপাটেও ঢুকে গেছে কালো কুচকুচে নোংরা পানি। স্থানীয় বাসিন্দারা বলছেন, দনিয়া এলাকায় গত তিন মাসের চিত্র এটি। এ নিয়ে তিতিবিরক্ত এলাকার মানুষ। এর মধ্যে সাম্প্রতিক বৃষ্টিতে দুর্গতদের কপালের ভাঁজ আরও গভীর হয়েছে।

পানিতে সয়লাব হওয়া এলাকার পরিসর বেশ বড়। মোটরবাইক নিয়ে চলাচল বাস্তবসম্মত নয়, তাই রিকশা নিয়ে ঘুরতে হলো। পানির কারণে রিকশা ভাড়ার অঙ্কটাও অনেক বড়। দেখা গেল দক্ষিণ দনিয়া শাহি মসজিদ রোড, দনিয়া গোয়ালবাড়ী মোড়, দক্ষিণ দনিয়া পাটেরবাগ, নূরপুর, ইসলা­মবাগ, রসুলবাগ, নতুন এ কে স্কুল রোড, দনিয়া বাজার রোড, কুদার বাজার রোড, দোলাইরপাড়ে ছোট–বড় রাস্তাগুলো নর্দমার পানিতে সয়লাব।

দক্ষিণ দনিয়ার শাহি মসজিদ রোডের বাসিন্দা রোকসানা ইয়াসমিনকে তাঁর দুই সন্তানকে নিয়ে যেতে হয় এ কে হাইস্কুল, বর্ণমালা স্কুলে। রোকসানা ইয়াসমিন বলেন, ‘মাসের পর মাস আমরা ভুগছি। বাচ্চাদের স্কুলে যেতে হয় হাতে বাড়তি জামাকাপড়, জুতা নিয়ে। মাঝে মাঝে পানির পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে রিকশা করেও বাচ্চাদের স্কুলে নেওয়া অসাধ্য হয়ে পড়ে। ময়লা পানিতে চলতে চলতে বাচ্চারা চর্মরোগে ভোগে। পানির দুর্গন্ধে বাসায়ও টেকা দায়। খাওয়ায় রুচি থাকে না।’

পানির কারণে দৈনন্দিন কার্যক্রমে নিদারুণ সমস্যা হচ্ছে বলে জানালেন স্থানীয় বাসিন্দারা। গেল রমজানের পুরো মাসটাই ছিল চরম দুর্ভোগের। দক্ষিণ দনিয়ার পঞ্চায়েত কমিটি-১–এর সভাপতি হাজি মুহাম্মদ ওয়ালিউল্লাহ বলেন, ‘আমাদের গলিতে অনন্ত দেড় ফুট পানি। এখন বাসার কাছাকাছি মসজিদে গেলে রিকশা নিয়ে যেতে হয়। গেল রমজানে অনেকে মসজিদে গিয়ে তারাবি পড়তে পারেনি। এমনকি ঈদের নামাজেও শামিল হতে পারেনি। কারণ, আটকে থাকা পানির সঙ্গে নর্দমার পানি একাকার। শরীরের পবিত্রতা নষ্ট হয়।’

দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে এলাকার স্থানীয় সাংসদসহ সব মহলে যোগাযোগ করা হলেও কোনো কাজ হয়নি বলে দাবি করেন ওয়ালিউল্লাহ। দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে এসব এলাকার প্রায় সব সড়কই খানাখন্দে ভরে গেছে। খানাখন্দগুলো পানির নিচে থাকার কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনায় পড়েন বলে জানালেন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। গোয়ালবাড়ি গলির বাসিন্দা আবুল কালাম আজাদ জানালেন, মাসের পর মাস এমন নাজুক অবস্থার কারণে এলাকার অনেক ভাড়াটেই বদল করছেন তাঁদের ঠিকানা। সড়কে নোংরা পানি জমে থাকায় দোকানপাটেও কমে গেছে বেচাবিক্রি।

দনিয়া সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইকবাল হাফিজ থাকেন ডিপটি গলিতে। তিনি বলেন, ‘আমাদের গলিতে বৃষ্টি না হলে পানি থাকে না। তবে আশপাশে সব এলাকা পানিবন্দী থাকায় বলা চলে আমরা একটা দ্বীপের মধ্যে পড়ে গেছি। যেদিকেই যাই পানি আর পানি। এলাকা শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরাসরি প্রভাব ফেলেছে জলাবদ্ধতা। পানি মাড়িয়ে এলাকার পাঠাগারগুলোতে মানুষ আসতে চায় না।’

এলাকাটি সম্প্রতি সিটি করপোরেশনের অধিভুক্ত হলেও এখনো সেখান কাউন্সিলর নির্বাচন হয়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই এখন দায়িত্ব পালন করছেন। পরিষদের চেয়ারম্যান জুম্মন মিয়া গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ইউনিয়নের কোথাও কোথাও জলাবদ্ধতা আছে। সিটি করপোরেশন বিভিন্ন এলাকায় পয়োনিষ্কাশন পাইপ বসাচ্ছে। এ জন্য কিছু কিছু এলাকায় পানি সহজে সরছে না। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি জানান, এলাকার পানি সেচে সরানোর জন্য দুটি পাম্প বসানো হয়েছে। পানিনিষ্কাশনের জন্য আজ (বুধবার) আরও পাম্প বসানো হবে।