ভ্রমণের পথে ‘ট্রাকস্ট্যান্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীতীর ঘেঁষা সড়ক। পাশে ঐতিহ্যবাহী কিন ব্রিজ, চাঁদনিঘাটের সিঁড়ি আর আলী আমজাদের ঘড়িঘর। সিলেট নগরের প্রবেশমুখে দর্শনীয় এসব স্থাপনা দেখার সঙ্গে খোলামেলা পরিবেশে ঘুরে বেড়ানোর জন্য বিকেলে দর্শনার্থীরা ভিড় করেন সুরমাপারে। যানবাহন চলাচল তুলনামূলক কম থাকায় ফাঁক পেয়ে ওই এলাকায় ঢুকে পড়ছে ট্রাক। অনেকটা স্ট্যান্ডের মতো রাখা হচ্ছে ট্রাক। এটা বেড়ানোর ক্ষেত্রে বড় সমস্যা হয়ে উঠেছে।সুরমা নদীর উত্তর তীরে ঐতিহ্যবাহী স্থাপনা ছাড়াও সিলেট সার্কিট হাউস, সারদা হল, পীর হবিবুর রহমান স্মৃতি পাঠাগার ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের অবস্থান। ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সঙ্গে এগুলোর অবস্থান হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ২০০৫-০৬ অর্থবছরে পাঁচ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নদীতীর সংক্ষণ প্রকল্প বাস্তবায়ন করে। ওই প্রকল্পের আওতায় সুরমার উত্তর তীরের ৬০০ ফুট দীর্ঘ একটি প্লাজা, একটি ফোয়ারা নির্মাণ ও ফুটপাতসহ নদীতীরের সড়ক প্রশস্ত করা হয়। প্রকল্প বাস্তবায়নের পর থেকে সুরমাতীরে দর্শনার্থীদের ভিড় বাড়ে। নদীতীরের স্থায়ী কয়েকজন বাসিন্দা জানান, বিকেলে সময় কাটাতে অনেকেই ছুটে আসেন নদীতীরে। কিন্তু নিরিবিলি পরিবেশ নষ্ট করে দিয়েছে ট্রাকের সারি। সড়কের দুই পাশে ট্রাকের সারি থাকায় রিকশাসহ ছোট যানগুলোর জটলা ক্রমে বাড়ছে। হঠাৎ দেখলে মনে হবে কোনো ট্রাক স্ট্যান্ড। ওই রাস্তা দিয়ে সাধারণ যানবাহন সহজে চলাচল করতে পারে না। দুর্ভোগ পোহাতে হয় সার্কিট হাউসসংলগ্ন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদেরও। বিদ্যালয় থেকে বের হওয়ার দুই মিনিটের পথ পার হতে অনেক সময় ২০ মিনিট ব্যয় হয় শুধু ট্রাকের কারণে। সরেজমিনে দেখা গেছে, সার্কিট হাউসের সম্মুখ থেকে ট্রাকের সারি। নদীতীর হয়ে নগরের অন্যতম ব্যবসাকেন্দ্র কালীঘাট পর্যন্ত কোনো দিন শতাধিক আবার কোনো দিন দুই শতাধিক ট্রাক রাখা হয়। কালীঘাটের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, অধিকাংশ ট্রাকই রাতের বেলা বিভিন্ন পণ্যবোঝাই করে এখানে আসে। পণ্য খালাসের পর সকালে ট্রাকগুলো ওই ভাবে রাখা হয় পরদিন রাতে আবার পণ্য বোঝাই করে ফেরা পর্যন্ত। সুরমা নদীতীরে ট্রাক সারিবদ্ধ করে রাখার কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ একাধিকবার এই স্থানে ট্রাক না রাখার জন্য অভিযান চালায়। তবে ট্রাকচালকদের সাংগঠনিক প্রভাবে ট্রাফিক অভিযানে কোনো কাজ হচ্ছে না। মো. রইছুজ্জামান নামের একজন ট্রাকচালক জানান, আগে এভাবে ১০ থেকে ১২টি ট্রাক রাখা হতো। ফাঁক পেয়ে এখন অন্য এলাকার ট্রাকগুলো এখানে আসায় সমস্যার সৃষ্টি হয়েছে। সিলেটের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ট্রাক রাখার স্থান না থাকায় স্থানীয় কয়েকজন নেতার পরামর্শে ট্রাকমালিকেরা এখানে ট্রাক রাখছেন। তবে যান চলাচলের সুবিধার্থে শুধু সড়কের এক পাশে ট্রাক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদি সড়কের দুই পাশে ট্রাক রাখা হয়, তা হলে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ সরেজমিনে সড়কের দুই পাশে ট্রাক দেখা গেছে—জানালে ট্রাফিক পুলিশের উপকমিশনার বলেন, ‘এটি বোধ হয় কিছু সময়ের জন্য ছিল। বিষয়টি দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’ সিলেট ট্রাকশ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক শহিদ আহমদও স্বীকার করেন, সড়কের দুই পাশে ট্রাক রাখা হয়। তিনি বলেন, ‘ট্রাকগুলো ঘণ্টা দেড়েকের জন্য রাখা হয়। শুধু কালীঘাট এলাকায় ব্যবসাকেন্দ্রিক ট্রাকগুলো এখানে রাখতে সংগঠনের পক্ষ থেকে শিগগিরই আমরা ট্রাকচালকদের একটি নির্দেশনা দেব।’