ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে তিন পার্বত্য জেলায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের মধ্যে দেড় দশক ধরে চলা ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে গতকাল রোববার তিন পার্বত্য জেলা সদর ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে গত ১৬ ফেব্রুয়ারি অপহূত লংগদু ও বাঘাইছড়ি উপজেলার ৫২ জনের পরিবারের সদস্য, স্বজনসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান ভ্রাতৃঘাতী সংঘাতের বিরুদ্ধে সর্বস্তরের নাগরিকদের পক্ষে এটাই প্রথম কর্মসূচি।আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সূত্রমতে, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এ পর্যন্ত সাত শতাধিক নিহত, পাঁচ শতাধিক আহত ও অসংখ্য লোক অপহরণের শিকার হয়েছেন। কিন্তু এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো প্রতিবাদ হয়নি। গত ১৬ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান থেকে নিজেদের এলাকায় ফিরে যাওয়ার পথে অপহূত ৫২ জন এখনো মুক্তি পাননি।মানববন্ধন চলাকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির কেন্দ্রীয় সভাপতি গৌতম দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালিসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের স্বাধিকার আদায়ে দীর্ঘ দুই যুগের বেশি সময় সশস্ত্র সংগ্রাম হয়েছে। সেই সংগ্রামের শান্তিপূর্ণ সমাধানে সরকারের সঙ্গে পার্বত্য চুক্তি হয়েছে। কিন্তু সরকারের চুক্তি বাস্তবায়নে সদিচ্ছার অভাবের কারণে চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। ফলে পার্বত্য চট্টগ্রামে চুক্তির আগের অবস্থার চেয়ে বর্তমানে সংঘাত বেড়েছে।গৌতম দেওয়ান আরও বলেন, পার্বত্য চুক্তিকে ঘিরে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শগত পার্থক্য দেখা দিয়েছে। কিন্তু এই মতাদর্শের কারণে পরস্পরের মধ্যে সশস্ত্র সংঘাত হবে, তা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। এই ভ্রাতৃঘাতী সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে। তিনি গত ১৬ ফেব্রুয়ারি অপহূত ৫২ জনকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা রাজনৈতিক কারণে আর একটাও প্রাণহানি চাই না। এ উপলব্ধি সব রাজনৈতিক দলের মধ্যে আসতে হবে।’রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক মানিক লাল দেওয়ান বলেন, ‘পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে দেড় দশক আগে। কিন্তু সেই চুক্তির সুফল আমরা দেখতে পাচ্ছি না। চুক্তি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার। রাজনৈতিক দলগুলো যদি হানাহানিতে লিপ্ত থাকে, তাহলে আগামীতে সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে যে ভ্রাতৃঘাতী সংঘাত চলছে, তা মানবাধিকারের পরিপন্থী। রাজনৈতিক কারণে এত তরুণ-যুবকের মৃত্যু মেনে নেওয়া যায় না। তাই আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে অবশ্যই হানাহানি বন্ধ করতে হবে। এ সময় আরও বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জগৎ জ্যোতি চাকমা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, পার্বত্য চট্টগ্রামের আহ্বায়ক টুকু তালুকদার ও পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক থোয়াই অং মারমা।এর আগে ভ্রাতৃঘাতী সংঘাতে বিক্ষুব্ধ মানুষ শহরের শিল্পকলা একাডেমী চত্বর থেকে মৌন মিছিলসহকারে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আসেন। সেখানে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।