ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে সন্তুর প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার প্রতি পাহাড়ে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান।গতকাল রোববার রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কল্পনা চাকমার অপহরণ দিবসে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মানিক লাল দেওয়ান এ আহ্বান জানান। এ সময় জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা মঞ্চে উপস্থিত ছিলেন। সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন। মানিক লাল দেওয়ান সন্তু লারমার উদ্দেশে আরও বলেন, ‘একজন নেতার শুধু বিচক্ষণতা দিয়ে দল পরিচালনা করলে হয় না। তাঁর থাকতে হয় ভ্রাতৃত্ববোধ, করুণা আর ক্ষমা করার মানসিকতা। হানাহানিতে ব্যস্ত থাকলে আমাদের বিরুদ্ধে নিপীড়ন-নির্যাতন চলতেই থাকবে। কোনো অধিকার প্রতিষ্ঠা হবে না।’ ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের সংগ্রাম চালানোর জন্য সন্তু লারমার প্রতি আহ্বান জানান তিনি।এর আগে বিশেষ অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, গত আড়াই বছরে বর্তমান সরকার মন ভুলানো আর মিষ্টি কথাবার্তা ছাড়া পার্বত্যচুক্তি বাস্তবায়নে কোনো কিছুই করেনি। পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমার সভাপতিত্বে সমাবেশে কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা অভিযোগ করেন, ঘটনার পর তিনি বাঘাইছড়ি থানায় যে অভিযোগ দিয়েছিলেন, তা সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়নি। ঘটনায় জড়িত হিসেবে যাদের নাম বলেছিলেন, তাদের নামও এজাহারে দেওয়া হয়নি। সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, আইজনীবী সুস্মিতা চাকমা, ব্লাস্টের রাঙামাটি জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান প্রমুখ।