পার্বত্য চট্টগ্রামের আদিবাসী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে জুম্ম জাতির অস্তিত্ব রক্ষার স্বার্থে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে ছাত্র-যুবক, নারী-পুরুষ ও জনপ্রতিনিধিরা ‘ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করো—আন্দোলন গড়ে তোলো, ঐক্য চাই—ঐক্য ছাড়া উপায় নাই’ ইত্যাদি লেখা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে স্লোগান সহকারে মিছিল করেন।অবশ্য খাগড়াছড়ি জেলা সদরে মধুপুর বাজারে সমাবেশ করতে পুলিশের বাধা এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও রাঙামাটির রাজস্থলীতে মিছিল ও সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ অভিযোগ সম্পর্কে খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসএসপি) আল আসাদ মাহফুজুল ইসলাম বলেন, ‘সমাবেশের আগে সংশ্লিষ্টরা প্রশাসনের অনুমতি নেয়নি। কোনো কর্মসূচি গ্রহণ করার আগে পুলিশকে জানানো হলে আমরা উপযুক্ত নিরাপত্তা দিয়ে সহযোগিতা করি। পুলিশকে না জানিয়ে হঠাৎ কোনো কর্মসূচি করতে গেলে পরিস্থিতি অন্যদিকেও মোড় নিতে পারে। তাই পুলিশকে না জানিয়ে কোনো কর্মসূচি গ্রহণ করা হলে পুলিশ বাধা দেয়।’১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর চুক্তির পক্ষে-বিপক্ষে আদিবাসীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে তা সশস্ত্র সংঘাতে রূপ নেয়। সংশ্লিষ্ট দলগুলো থেকে পাওয়া তথ্যমতে, এক দশকের বেশি সময় ধরে চলা আদিবাসীদের ভ্রাতৃঘাতী সংঘাতে তিন শতাধিক ব্যক্তি নিহত হওয়ার খবর জানা যায়। এ সংঘাতের পেছনে রাজনৈতিক মতবিরোধ, প্রভাব বিস্তারের প্রয়াস এবং কায়েমি স্বার্থ জড়িত রয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ রয়েছে। পার্বত্য চট্টগ্রামের তিনটি রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু), ইউপিডিএফ ও জনসংহতি সমিতি (এমএন লারমা) পরস্পরের বিরুদ্ধে কায়েমি স্বার্থবাদী মহলের স্বার্থ রক্ষার অভিযোগ করা হয়।বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, নিজেদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাতে অনেক রক্ত ঝরছে। কিন্তু এ রক্ত পার্বত্য চুক্তি বাস্তবায়ন বা চুক্তি বাতিলের কোনো কাজে আসছে না। অনেক এলাকায় জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নও করা যাচ্ছে না। ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে ঐক্য ও সংহতি গড়ে তুলে জাতীয় অস্তিত্ব রক্ষায় আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।সমাবেশগুলো থেকে আরও বলা হয়, ১৩ বছর ধরে চলা ভ্রাতৃঘাতী সংঘাতে অনেক তাজা প্রাণ অকালে ঝরে গেছে। খালি হয়েছে অনেক মায়ের কোল। স্বামীহারা হয়েছেন অনেক নারী। পিতৃহারা হয়েছে অনেক অবুঝ শিশু। ঘরছাড়া, ছন্নছাড়া হয়েছে বহু পরিবার।