ভ্রাতৃত্বের বার্তা নিয়ে সাইকেল অভিযাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর যৌথ সাইকেল অভিযাত্রা গতকাল বুধবার শুরু হয়েছে।
উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার লিচুবাগান থেকে সকালে সাইকেলযাত্রার উদ্বোধন করেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এ এস বেদি। দুই দেশের সেনাবাহিনীর ১৫ জন করে সদস্য এ সাইকেলযাত্রায় অংশ নিচ্ছেন। সাইকেল আরোহীরা বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে ৫৩২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৪ এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতার ফোর্ট উইলিয়ামে যাত্রা শেষ করবেন।
লেফটেন্যান্ট জেনারেল বেদি বলেন, এ সাইকেলযাত্রা দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতি ঘটাবে। শুধু সাইকেলযাত্রা নয়, সামরিক প্রশিক্ষণ থেকে শুরু করে দুই দেশের সেনাবাহিনীর জন্য একাধিক যৌথ কর্মসূচিও নেওয়া হয়েছে।
সাইকেল অভিযাত্রায় অংশ নিতে ১৯ মার্চ বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা ত্রিপুরায় যান। গতকাল সকালে আগরতলার সেনানিবাস এলাকা থেকে রওনা দিয়ে ৬৩ কিলোমিটার পথ অতিক্রম করে শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের কুমিল্লায় প্রবেশ করেন সাইকেল অভিযাত্রীরা।
আজ বৃহস্পতিবার অভিযাত্রীদের ঢাকায় পৌঁছার কথা। কাল শুক্রবারও ঢাকায় থাকবেন তাঁরা। পরদিন শনিবার মানিকগঞ্জ হয়ে ফরিদপুর, মাগুরা থেকে যশোর যাবেন। সেখান থেকে রওনা দিয়ে বেনাপোল সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর বা বালিগঞ্জে রাত যাপন করবেন। কলকাতার ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম দুর্গে গিয়ে শেষ হবে দুই প্রতিবেশী দেশের সেনাবাহিনীর সাইকেল অভিযাত্রা।