ভ্রাম্যমাণ আদালত আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত আইন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ এর শিকার হচ্ছে আর প্রভাবশালীরা রক্ষা পাচ্ছে। পুলিশ সপ্তাহ ২০১৩ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এক পুলিশ সুপার এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়, তা সব ক্ষেত্রে নিম্নবিত্তদের স্বার্থ রক্ষা করে না। এ ধরনের তাৎক্ষণিক বিচার ও শাস্তি প্রদানের যে রেওয়াজ প্রচলিত আছে, তা যেন সঠিকভাবে পরিচালিত হয়, সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন।অনুষ্ঠানের শুরুতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘পুলিশ সব সময় সরকারের প্রতি আনুগত্য দেখিয়ে এসেছে।’আইজিপির বক্তব্যের পর শুরু হয় উন্মুক্ত আলোচনা। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান, সিআইডির প্রধান ও পুলিশ সংস্কার প্রকল্পের পরিচালক মোখলেসুর রহমান বৈঠকে বলেছেন, মন্ত্রণালয় মনে করে, পুলিশের সংস্কার করা হলে পুলিশ দানব হয়ে যাবে। কিন্তু পুলিশ কখনো সরকারের বিরুদ্ধে কিছু করে না। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, যানবাহন রিকুইজিশনের ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা থাকায় পুলিশ বাইরের যানবাহন নিতে পারছে না। এতে স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে।চট্টগ্রামের পুলিশ সুপার হাফিজ আক্তার বলেন, বিদেশের দূতাবাসে পুলিশের কোনো পদ নেই। অথচ বেশির ভাগ দূতাবাসে অনেক ধরনের পুলিশি কার্যক্রম আছে। এ কারণে পুলিশ সদস্যদের সেখানে পাঠানো যায় কি না, তা ভেবে দেখা দরকার।