ভ্রাম্যমাণ আদালত আসছেন শুনে মুহূর্তে বন্ধ দোকানপাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার বাস্তবায়ন অভিযান শুরু করলে খবর পেয়ে মুহূর্তের মধ্যে শত শত দোকান বন্ধ হয়ে যায়। তবে পার পায়নি বাজারের দুটি খাবার হোটেল ও একটি ওষুধের দোকান। নোংরা পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এ তিনটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
লালপুর উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শফিকুর আলম গতকাল দুপুর ১২টার দিকে গোপালপুর পৌরসভার গোপালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেন। নোংরা পরিবেশের কারণে তিনি রাজ দই ঘরের মালিক রওশন আলীকে ১০ হাজার ও জলযোগ হোটেলের মালিক সুশীল কুমারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মোল্লা মেডিসিন কর্নারের মালিক আবদুল আওয়ালকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাজারের ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট সব বন্ধ করে মুহূর্তের মধ্যে বাজার ছেড়ে পালিয়ে যান। বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান বন্ধ করে ফিরে যান।
অভিযান পরিচালনার সময় আদালতকে সহযোগিতা করেন বিএসটিআইর নাটোর জেলার মাঠ কর্মকর্তা রকিবুল হাসান।