ভোলা-৩ আসনের নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কেউ কেউ ভোট গ্রহণের দিন নিজেদের বিচারিক ক্ষমতা সম্পর্কে অবগত ছিলেন না। ফলে অপরাধী শনাক্ত করতে পারলেও ভ্রাম্যমাণ আদালত কাউকেই তাত্ক্ষণিক সাজা দিতে পারেননি। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় অনুষ্ঠানে ম্যাজিস্ট্রেটরা এই অপারগতার কথা বলেছেন। সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। ভোলা-৩ আসনের নির্বাচনের মূল্যায়ন এবং নির্বাচন প্রক্রিয়াকে কীভাবে আরও সুষ্ঠু করা যায়, সে বিষয়ে আলোচনার জন্য কমিশন গতকাল ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের বলেন, ‘মূলত ভোলার নির্বাচনে আমাদের মাঠ কর্মকর্তারা কী ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তা চিহ্নিত করে ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়াকে আরও উন্নত করতেই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় করেছি। তাঁদের কাছ থেকে যা শুনেছি, তা বলে বাতাস গরম করতে চাই না। কিছু ক্ষেত্রে নিজেরা নিজেদের জখম করেছে বলে জেনেছি।’ তিনি বলেন, চর জহিরউদ্দিনে বাইরে থেকে একটা কাকপক্ষীও যেতে পারেনি। সেখানকার পরিস্থিতি নিয়ে কীভাবে পত্রিকায় প্রতিবেদন হলো! সেদিন প্রচণ্ড বাতাস ছিল। কোস্টগার্ডের সহযোগিতা ছাড়া কারও পক্ষেই সেখানে যাওয়া সম্ভব ছিল না। একটি পত্রিকায় লেখা হয়েছে, চর জহিরে ১৮৬টি কেন্দ্র ছিল। অথচ সেখানে কেন্দ্র মাত্র পাঁচটি। এ প্রতিবেদন ঢাকায় বসে বানানো হয়েছে। ম্যাজিস্ট্রেটদের বক্তব্যর সঙ্গে পত্রিকার প্রতিবেদনের কোনোই মিল নেই।একই বিষয়ে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, ম্যাজিস্ট্রেটরা তাঁদের ভোলা নির্বাচনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাতে মনে হচ্ছে, নির্বাচনে কিছুটা সমন্বয়ের অভাব ছিল। ভবিষ্যতে আইন প্রয়োগকারী বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের একসঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।তবে ইসির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে নির্বাচনী অপরাধ নিয়ে আলোচনা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটদের কেউ কেউ জানিয়েছেন, ক্ষেত্রবিশেষে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলেও নিজেদের বিচারিক এখতিয়ার সম্পর্কে ধারণা না থাকায় তাঁরা অপরাধ আমলে নিতে পারেননি। এ বিষয়ে কমিশন থেকে তাত্ক্ষণিক জানানো হয়েছে, ভোট গ্রহণের দিন ভোটকেন্দ্রে আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটলে তা আমলে নেওয়ার এখতিয়ার ভ্রাম্যমাণ আদালতের রয়েছে। নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮-এর বিধান অনুযায়ী ভোট গ্রহণের দিন ভোটকেন্দ্র কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। মোবাইল কোর্ট আইনেও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সে ক্ষমতা দেওয়া হয়েছে। এ আইনের ৮ ধারার বিধান অনুযায়ী অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনে যা-ই থাকুক, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই আইনের অধীন অপরাধ বিচারের জন্য গ্রহণ করে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দিতে পারবেন।