ভ্রাম্যমাণ আদালত চালু রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত চালু রাখার দাবিতে গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে ময়মনসিংহ শহরের বিভিন্ন বিদ্যালয়ের ব্যানারে শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল ‘যৌন হয়রানি, বাল্যবিবাহ, নকলমুক্ত শিক্ষাঙ্গনসহ জরুরি প্রয়োজনে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) চালু রাখার দাবিতে মানববন্ধন’। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে কেন মানববন্ধন করছে জানতে চাইলে তারা কিছু জানে না বলে উত্তর দেয়। শিক্ষকেরা তাদের মানববন্ধনে নিয়ে এসেছেন বলে জানায়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একাধিক শিক্ষকের কাছে মানববন্ধন করার কারণ জানতে চাইলে তাঁরা ব্যানারে কারণ লেখা আছে বলে মন্তব্য করেন। মানববন্ধনে ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জিলা স্কুল, মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় ও প্রিমিয়ার আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের দেখা যায়। উপস্থিত একাধিক শিক্ষক অভিযোগ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁরা শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করতে এসেছেন। এ ব্যাপারে তাঁদের তেমন কিছু জানা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী শিক্ষক রোদের মধ্যে দুপুরবেলা শিক্ষার্থীদের মানববন্ধনে দাঁড় করিয়ে রাখার জন্য বিরক্তি প্রকাশ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া একটি স্কুলের প্রধান শিক্ষক মুঠোফোনে বলেন, ‘জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে আমি কয়েকজন শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে অংশ নিতে পাঠাই।’
জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম শিক্ষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্কুলগুলো নিজেদের উদ্যোগে মানববন্ধন করেছে বলে শুনেছি। এতে শিক্ষকেরাও ছিলেন। মানববন্ধনের দাবি ছিল ভ্রাম্যমাণ আদালত চালু রাখা। কারা পরিচালনা করবেন, সেটা স্কুলগুলোর দাবি নয়। আদালতের বিচারক কে হবেন, সেটা উচ্চ আদালত নির্ধারণ করবেন।’
জরুরিভিত্তিতে কোনো অপরাধ নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমাণ আদালতের প্রয়োজন রয়েছে বলে স্কুলগুলো মানববন্ধন করেছে।
আলাদা তিনটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ১১ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ধারাসহ ১১টি বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে রায় দেন। রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ মে চেম্বার আদালত ওই রায় স্থগিত করেন।