ভ্রাম্যমাণ আদালত দেখে পালালেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার বেলা ১১টা ৩০ মিনিট! বরিশাল নগরের বাজার রোড এলাকার ব্যবসায়ীরা কেউ দোকানের ঝাঁপ বন্ধ করছেন। কেউ শাটার টেনে তালা ঝুলিয়ে পড়িমরি করে দৌড়। মুহূর্তে দোকানপাট সব বন্ধ।
হরতালে পিকেটিং বা মারামারির ঘটনায় ভীতসন্ত্রস্ত ব্যবসায়ীদের পালানোর কোনো দৃশ্য নয় এটি। বাজার রোড এলাকার ব্যবসায়ীরা গতকাল পালিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালতের ভয়ে।
গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআই যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বেলা সাড়ে ১১টার দিকে বাজার রোড এলাকায় মিষ্টির দোকান ও ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এই খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে বাজার রোড এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে সটকে পড়েন।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চালানো অভিযানে নোংরা পরিবেশ ও পলিথিন সংরক্ষণের দায়ে হক মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে লোকনাথ ফার্মেসির মালিক অনীল কুমার দাসকে পাঁচ হাজার টাকা, অবৈধ পলিথিন রাখায় বৈশাখী পোলট্রি ফার্ম ও মোহাম্মদ মনিরের মসলার কলকে যথাক্রমে সাত ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আহম্মেদ, সুখময় সরকার, নাহিদুল করিম ও রুমানা আক্তার।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে আসা জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘রমজান মাস সামনে। এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যাতে অবৈধভাবে মজুত না হয়, পচা ও বাসি খাবার বেচাবিক্রি বন্ধ থাকে, তার জন্যই জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’