ভ্রাম্যমাণ আদালত নিয়ে তিন রিটের রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিধানসহ আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে করা তিন রিট আবেদনের ওপর আজ বৃহস্পতিবার রায় ঘোষণার দিন রয়েছে। দুটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় বছর আগে এবং অপর একটির পরিপ্রেক্ষিতে পাঁচ বছর আগে রুল হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনটির কয়েকটি বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছিল। চূড়ান্ত শুনানি শেষে গত মার্চে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনগুলো রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। আজ রায় ঘোষিত হতে যাচ্ছে।

রিট আবেদনকারীদের আইনজীবী হাসান এম এস আজিম গতকাল প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত আইনের কয়েকটি ধারা নিয়ে পৃথক তিনটি রিট করা হয়েছিল। রিটের আবেদনে বলা হয়েছিল, ওই ধারাগুলো সংবিধান, মাসদার হোসেন মামলার রায় ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। এর পরিপ্রেক্ষিতে রুল হয়। একসঙ্গে রুলের ওপর শুনানি হয়।

মামলা সূত্রে জানা যায়, ভবন নির্মাণ আইনের কয়েকটি ধারা লঙ্ঘনের অভিযোগে ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর এসথেটিক প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড নামের প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামরুজ্জামান খানকে ভ্রাম্যমাণ আদালত ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সে বছরের ২০ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর ভ্রাম্যমাণ আদালত আইনের (মোবাইল কোর্ট অ্যাক্ট, ২০০৯) কয়েকটি ধারা ও উপধারার বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ১১ অক্টোবর কামরুজ্জামান হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১১ সালের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দেন। রুলে রিট আবেদনকারীর (কামরুজ্জামান) সাজা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা–ও জানতে চাওয়া হয়। পাশাপাশি সাজার আদেশ স্থগিত করা হয়।