ভ্রাম্যমাণ আদালত প্রত্যাহার করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

ব্যবসায়ীদের কথায় বাজার থেকে ভ্রাম্যমাণ আদালত প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে—এ বিষয়ে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ভ্রাম্যমাণ আদালত জনস্বার্থে পরিচালিত হয়। যেখানে প্রয়োজন, সেখানেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কারও দাবির মুখে এটা প্রত্যাহার করা হবে না। এর আগে গতকাল ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্ধের দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রমজানে যেন কোনো জিনিসের দাম না বাড়ে, সে জন্য মজুতদারি ও চাঁদাবাজি বন্ধে যথাযথ উদ্যোগ নেবে সরকার।’ তিনি বলেন, ‘বিদ্যমান সামগ্রীর মজুত ও সরবরাহ সন্তোষজনক পর্যায়ে আছে। দাম বাড়ার কোনো সুযোগ নেই। কিন্তু ব্যবসায়ীরা অনেক সময় নির্দেশ মানেন না। অযৌক্তিক কারণে কেউ যদি মজুত করেন, তবে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।