ভ্রাম্যমাণ আদালত বন্ধের অনুরোধ চট্টগ্রামের ব্যবসায়ীদের
আসন্ন পবিত্র রমজান সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি না করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখা। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্ররোচনায় এ ধরনের আদালত পরিচালনা করে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভ্রাম্যমাণ আদালত নিয়ে সমিতির নেতারা তাঁদের বক্তব্য তুলে ধরেন। তাঁরা ফুটপাত হকারমুক্ত করা, পচাবাসি খাবার বিক্রি বন্ধ ও অবৈধ মেলা বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান। রমজানে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে ব্যবসায়ী ও প্রশাসনের প্রতি ১৩ দফা সুপারিশ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমিতির সভাপতি সালেহ আহমেদ সুলেমান। এখানে বলা হয়, ‘পবিত্র রমজান সামনে রেখে ব্যবসায়ীরা লাখ লাখ টাকা বিনিয়োগ করেন। প্রশাসনও সহযোগিতা করে। তবে কয়েক বছর ধরে রমজান এলেই একটি অস্থিরতা তৈরি হয়। ব্যবসায়ীদের নানামুখী হয়রানিতে পড়তে হয়। তাই আমরা কিছু সুপারিশ তুলে ধরছি।’
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাগীর বলেন, ক্যাবের প্ররোচনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ক্যাব অনেক সময় প্রশাসনকে ভুল বোঝায়। শুধু রেয়াজউদ্দিন বাজার, খাতুনগঞ্জ ও কাজীর দেউড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত সীমাবদ্ধ থাকে।
সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ সাহাবউদ্দিন বলেন, ‘ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, দাম বেশি রাখা হয়। আমরা অনুরোধ করব পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করুন। যদি চাঁদাবাজি বন্ধ হয়, দামও কম পড়বে।’
এ সময় উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালেক, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, মিমি সুপার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, রেয়াজউদ্দিন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম এয়াকুব প্রমুখ।
ক্যাবের কথা: অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. নাজের হোসাইন বলেন, ‘ব্যবসায়ীরা যে অভিযোগ করছেন, তা ভিত্তিহীন। পাইকারি ও খুচরা দরের তফাত দেখেই ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন। আমাদের সহযোগিতার জন্য কেবল বাজার পর্যবেক্ষণ দলে রাখা হয়।’