ভ্রাম্যমাণ আদালত বসানোর প্রতিবাদে বাস চলাচল বন্ধ
ভ্রাম্যমাণ আদালত বসানোর প্রতিবাদে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি আকস্মিকভাবে গতকাল সোমবার দুপুরে চার ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখে। এ সময় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
জেলা প্রশাসনের নেজারত শাখার দায়িত্বে থাকা নির্বাহী হাকিম সানিউল ফেরদৌস জানান, সোমবার সকাল ১০টা থেকে নির্বাহী হাকিম নবিরুল ইসলাম নাটোর-ঢাকা মহাসড়কে শহরের পূর্ব বাইপাসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাসের কাগজপত্র পরীক্ষা করতে শুরু করেন। এ সময় নাটোরের অধিকাংশ বাসের ফিটনেস সার্টিফিকেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স সঠিক পাওয়া যায় না। এসব অপরাধের কারণে আদালত অন্তত ১০ চালককে অর্থদণ্ড দেন। খবর পেয়ে কিছু চালক পালানোর চেষ্টা করেন। এ সময় আদালতে দায়িত্বরত কিছু পুলিশ একজন চালককে আটক করে।
খবর পেয়ে নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান ভ্রাম্যমাণ আদালত বসানোর প্রতিবাদ করেন এবং চালকদের হয়রানির অভিযোগ তোলেন। তাঁর নির্দেশে সকাল সাড়ে ১০টা থেকে নাটোরের সব সড়কে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত যাত্রী আটকা পড়েন। অনেকে হেঁটে ও রিকশা-ভ্যানে করে গন্তব্যে রওনা হন। চার ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় সাংসদ শফিকুল ইসলামের অনুরোধে আবারও বাস চলাচল শুরু হয়।
বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান ওরফে এহিয়া চৌধুরী বাস বন্ধ করার কথা স্বীকার করে বলেন, ‘প্রশাসনের সঙ্গে দেখা করে আমরা ভ্রাম্যমাণ আদালত আপাতত বন্ধ রাখার অনুরোধ করেছিলাম। কিন্তু তাঁরা তা না করে উল্টো চালকদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নির্যাতন শুরু করেছেন।’
অভিযোগ অস্বীকার করে সানিউল ফেরদৌস বলেন, ‘মালিকেরা বিআরটিএ কর্তৃপক্ষকে তাঁদের বাস না দেখিয়ে ফিটনেস নিতে চাইছেন। ড্রাইভিং লাইসেন্স না নিয়েও গাড়ি চালাতে চাইছেন। আমরা তাতে রাজি হইনি। তাই তাঁরা যাত্রীদের জিম্মি করেছেন।’