ভ্রাম্যমাণ আদালত বসানোর প্রতিবাদে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত বসানোর প্রতিবাদে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি আকস্মিকভাবে গতকাল সোমবার দুপুরে চার ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখে। এ সময় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

জেলা প্রশাসনের নেজারত শাখার দায়িত্বে থাকা নির্বাহী হাকিম সানিউল ফেরদৌস জানান, সোমবার সকাল ১০টা থেকে নির্বাহী হাকিম নবিরুল ইসলাম নাটোর-ঢাকা মহাসড়কে শহরের পূর্ব বাইপাসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাসের কাগজপত্র পরীক্ষা করতে শুরু করেন। এ সময় নাটোরের অধিকাংশ বাসের ফিটনেস সার্টিফিকেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স সঠিক পাওয়া যায়নি। এসব অপরাধের কারণে আদালত অন্তত ১০ চালককে অর্থদণ্ড করেন। খবর পেয়ে কিছু চালক পালানোর চেষ্টা করেন। এ সময় আদালতে দায়িত্বরত কিছু পুলিশ একজন চালককে আটক করে।

খবর পেয়ে নাটোর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাসিরুর রহমান খান ভ্রাম্যমাণ আদালত বসানোর প্রতিবাদ করেন এবং চালকদের হয়রানির অভিযোগ তোলেন। তাঁর নির্দেশে সকাল সাড়ে ১০টা থেকে নাটোরের সব সড়কে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যায়। চার ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় সাংসদ শফিকুল ইসলামের অনুরোধে আবারও বাস চলাচল শুরু হয়।

বাসিরুর রহমান খান বাস বন্ধ করার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, ‘আমরা ভ্রাম্যমাণ আদালত আপাতত বন্ধ রাখার অনুরোধ করেছিলাম। কিন্তু তাঁরা উল্টো চালকদের নির্যাতন শুরু করেছেন।’