ভ্রাম্যমাণ আদালত ১৯ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন
মাদকদ্রব্য বহন ও বিক্রির দায়ে রাজধানীতে ১৯ জন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত গতকাল শুক্রবার রাতে এ অভিযান চালান।আদালত সূত্রে জানা গেছে, গতকাল রাতে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার লালবাগের হোসেন উদ্দিন রোডে অভিযান চালান। সেখানে গাঁজা বিক্রির সময় তোফাজ্জল হোসেন (৩৬) নামের এক যুবককে ধরে ফেলেন আদালত। তোফাজ্জল হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।এরপর আদালত লালবাগের শহীদনগরে অভিযান চালান। সেখান থেকে গাঁজাসহ ফালান মিয়া (৩০) নামের আরেক যুবককে গ্রেপ্তার করেন। পরে আদালক আগা সাদেক রোডে ও নয়াবাজারের বাগডাসা লেনে অভিযান চালিয়ে যথাক্রমে মিনার ও নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেন। এঁদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন।পরে আদালত আল-রাজ্জাক হোটেলের পেছনের গলি থেকে লেংড়া বাবু নামের একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গাঁজাসহ ধরে ফেলেন। বাবা অন্য মামলায় পরোয়ানাভুক্ত আসামি। আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।এরপর আদালত তাঁতিবাজার এলাকা থেকে বিদেশি মদসহ আবুল কালাম মিয়া (২৭) নামের এক যুবককে ধরেন। আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।এদিকে গতকাল সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালত তেজগাঁও, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও আদাবর থানায় অভিযান চালিয়ে তিন নারী মাদক ব্যবসায়ীসহ ১৩ জনকে ইয়াবা বড়ি ও গাঁজাসহ গ্রেপ্তার করেন। তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত ১৩ জন মাদক ব্যবসায়ীকে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড দেন। এরপর আসামিদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন: মমতাজ (২০), হেনা (২৭), আসমা (৩০), নাসিমউদ্দিন (২৮), মাহবুব আলম (২৮), শিপন (২২), রাজা মিয়া (২৭), আবদুল মান্নান (২৮), শরীফ (২৫), আলমগীর (৩০), রুহুল আমিন (৩০), সাত্তার (২৫) ও মাইনউদ্দিন (২৫)।