ভ্রাম্যমাণ আদালতকে আ.লীগ নেতার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতকে সালথা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর ভাই ও আওয়ামী লীগের স্থানীয় নেতা আনোয়ার হোসেন ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত পৌনে আটটার দিকে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে তিনি এ হুমকি দেন। পরে আদালতের বিচারক পুলিশ প্রহরায় তাঁর কার্যালয় ত্যাগ করেন।
ওই আদালতের বিচারকের দায়িত্ব পালন করছিলেন ফরিদপুরের নির্বাহী হাকিম এস এম শাহীন। তিনি অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোয় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর দুই কর্মীকে জরিমানা করা হয়। এ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী ওহিদুজ্জামান এবং আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। ওহিদুজ্জামানের সমর্থককে জরিমানার টাকা পরিশোধ করে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নেওয়া হয়। এদিকে রাত পৌনে আটটার দিকে আওয়ামী লীগ প্রার্থীর
সমর্থককে ছাড়িয়ে নিতে ইউএনওর কার্যালয়ে আসেন প্রার্থীর ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। তিনি আদালতের সঙ্গে দুর্ব্যবহার করে দেখে নেওয়ার হুমকি দেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা ইউএনও বিশ্বাস
রাসেল হোসেন বিষয়টি জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান ও জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেনকে জানান। রাতে নির্বাহী হাকিম শাহীন পুলিশ প্রহরায় উপজেলা ত্যাগ করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ারের সমর্থক জনি মোল্লা (১৬) ও বিএনপির ওয়াহিদুজ্জামানের সমর্থক শরিফকে (২৫) আটক করেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালতকক্ষে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন আদালতকক্ষে ঢুকে জরিমানার টাকা বিচারকের টেবিলে ছুড়ে মারেন। তারপর ক্রুদ্ধ স্বরে বলেন, ‘দেখায় দেব। দিন আমাদেরও আসবে।’
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন বলেন, ‘আমি ভদ্রভাবেই টাকা দিয়েছি।’
জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফরিদপুরের পুলিশ সুপারকে বলা হয়েছে।