ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটের মৎস্য ব্যবসায়ীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে র্যাবের উপস্থিতিতে ৫০০ কেজি ফরমালিনযুক্ত চিংড়ি জব্দ করা হয়। জেলা মৎস্য কার্যালয় র্যাব ও পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমেদ। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব ও মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।জানা গেছে, ফিশারিঘাটে সকালে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে একটি আড়তের সামনে বেশ কিছু চিংড়ি মাছ দেখতে পান। এসব মাছ পরীক্ষা করে দেখা যায় এই ৫০০ কেজি মাছে ফরমালিনের উপস্থিতি রয়েছে। পরে পুলিশের সহায়তায় এগুলো জব্দ করতে গেলে ব্যবসায়ীরা বাধা দেন।মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, ‘ফরমালিন পাওয়ার পর মাছগুলো জব্দ করে নিয়ে আসতে গেলে ব্যবসায়ীরা একজোট হয়ে বাধা দেন। এ সময় তাঁরা আদালত মানে না বলে চিৎকার করতে থাকেন। পরে র্যাব এল পরিস্থিতি স্বাভাবিক হয়। আমরা মাছগুলো জব্দ করে নষ্ট করে ফেলি।’