ভ্রাম্যমাণ আদালতে কলেজছাত্রের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গণ-উপদ্রবের অপরাধে লিটন মিয়া (২০) নামের এক কলেজছাত্রকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান গতকাল বুধবার সকাল ১০টার দিকে ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত লিটনের বাড়ি ডাউকি ইউনিয়নের মাধবপুর গ্রামে। তিনি ঢাকার একটি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র।
আদালত-সংশিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবেশ (অ্যাসেম্বলি) চলছিল। সেখানে বিদ্যালয়ের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। ওই সময় লিটন ও তাঁর এক বন্ধু রাস্তায় দাঁড়িয়ে দুটি মুঠোফোনে বিদ্যালয়ের শিক্ষিকাদের ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি টের পেয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইখতার আলী দুই তরুণের একজনকে হাতেনাতে ধরে ফেলেন। অন্য জন পালিয়ে যান।
বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর আলীকে জানালে তিনি ইউএনওকে অবগত করেন। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে যান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লিটন মিয়া আদালতে দোষ স্বীকার করেন।
ইউএনও গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘গণ-উপদ্রবের দায়ে লিটনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশের পরপরই আলমডাঙ্গা থানা-পুলিশের মাধ্যমে তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’